রাজশাহী ধর্মপ্রদেশে উদযাপিত হচ্ছে ৪০তম জাতীয় যুব দিবস

এপিসকপাল যুব কমিশনের আয়োজনে চলছে ৪০তম জাতীয় যুব দিবস

গত ১ থেকে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত  এপিসকপাল যুব কমিশনের আয়োজনে চলছে ৪০তম জাতীয় যুব দিবস।

এবারের ৪০তম জাতীয় যুব দিবস অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লী, বনপাড়া। 

এই যুব দিবসের মূলসুর হলো,  “তোমরাও আমার সাক্ষী, কারণ তোমরা আমার সাথেই রয়েছ”। এই জাতীয় যুব দিবসে বাংলাদেশের ৮ টি ধর্মপ্রদেশ থেকে আর্চবিশপ, বিশপ, ফাদার,  ব্রাদার,  সিস্টার,  যুব সমন্বয়কারী,  যুব সেক্রেটারী, এনিমেটর, সেচ্ছাসেবক ও যুবক-যুবতীসহ প্রায় ৪৫০ জন অংশগ্রহণ করেন।

যুব দিবসের শুরুতেই এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকের এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের দিকে তাকিয়ে কেবল একদল যুবককে দেখছি না বরং আমি দেখছি আগামীর ইতিহাস পরিবর্তনকারী একদল খ্রিষ্টের সৈনিকদের।”

তোমরাও আমার সাক্ষী, কারণ তোমরা আমার সাথেই রয়েছ” এই কথাটি কেবল একটি বাক্য নয়। এটি একটি গুরুদায়িত্ব এবং একটি বিশাল স্বীকৃতি। সাক্ষী সেই হয়, যে কোনো ঘটনার সত্যতা নিজের চোখে দেখে এবং তা বিশ্বস্ততার সাথে প্রচার করে,” বলেন ফাদার রিবেরু ।

তিনি আরও বলেন, “আজকের এই তথ্যপ্রযুক্তি ও সোস্যাল মিডিয়ার যুগে যখন চারপাশে সত্য-মিথ্যার সংঘাত প্রবল, বৈষম্য, অন্যায়, সহিংসতা ও পরিবেশগত সংকটে জর্জরিত, তখন তোমাদের উপর দায়িত্ব হলো ন্যায়ের পক্ষে সাক্ষী হওয়া। তোমাদের প্রতিটি কাজ, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি সংগ্রাম বলে দেবে তোমরা কোন পৃথিবীর সাক্ষী হতে চাও। কারণ পোপ ফ্রান্সিসের দৃষ্টিতে "তোমরা শুধু পৃথিবীর ভবিষ্যৎ নও: তোমরা ঈশ্বরের চোখে বর্তমান এবং পরিবর্তনের কারিগর।”

বাংলাদেশ আজ এমন যুবকদের খুঁজছে যারা মিথ্যার কাছে মাথা নত করবে না। তোমাদের সততাই হবে তোমাদের সবচেয়ে বড় সাক্ষ্য। সেবার মানসিকতা হলো অন্যের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের অন্ধকারে আলো ছড়ানো যা মানবতার শ্রেষ্ঠ সাক্ষ্য।

এই বছরের জাতীয় যুব দিবসটি হোক নবজাগরণ ও খ্রীষ্টের জীবন্ত সাক্ষী হওয়ার জীবনাহ্বান, অন্ধকারে আলো ছড়ানো, হতাশায় আশা জাগানো, বিভেদের মাঝে ঐক্যের সেঁতু তৈরি করা, সমাজ রূপান্তর ও নবীন উদ্দীপনা নিয়ে যাওয়ার এক যুব মহোৎসব ও তীর্থোৎসব।

এবারের ৪০তম জাতীয় যুব দিবসে আমাদের আহ্বান, “জেগে ওঠো, এগিয়ে চলো! জয় তোমাদেরই হবে। জয় হোক তারণ্যের, জয় হোক প্রভু যীশুর। - আরভিএ সংবাদ

Bengali pop up image