রাহশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রতিভার উন্মেষ

বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা প্রতিভার উন্মেষ

গত ২১ থেকে ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ,  রাহশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ১৮তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা প্রতিভার উন্মেষ।

বনপাড়া খ্রিষ্টান ছাত্র সংগঠন আয়োজিত এই দুইদিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা প্রতিভার উন্মেষ শেষ হয়েছে পুরস্কার বিতরণীর মাধ্যমে।

এই দিন সংগঠনের সভাপতি ফ্রান্সিস ওশান গমেজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)’র প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট শিপন রোজারিও।

এছাড়াও উপস্তিত ছিলেন বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র চেয়ারম্যান বাবলু রেনাতোষ কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার জোনাস গমেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাইকেল জন গমেজ তার বক্তব্যে উপস্থিত সকলকে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের সবারই কোনো না কোনো প্রতিভা রয়েছে এবং সেগুলোকে বিকাশের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয় আর সেই মাধ্যমগুলো হলো এই ধরণের প্রতিযোগীতার আয়োজন।”

বনপাড়া খ্রিষ্টান ছাত্র সংগঠনকে এই ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ ও উৎসাহ দিয়ে তিনি  আরও বলেন, “এই বছর প্রতিভার উন্মেষে যারা প্রথম হয়েছে তাদের আগামী এক বছর স্কুলের খরচ চালানোর ব্যবস্থা তিনি করে দিবেন।”

বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ১৮তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা প্রতিভার উন্মেষ

এই সময়ে ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট শিপন রোজারিও ঢাকা ক্রেডিটের বিভিন্ন দিক তুলে ধরেন বলেন, “ঢাকা ক্রেডিট শুধু ঋণের মধ্যেই সীমাবন্ধ নয়। প্রতিষ্ঠানটির যুগান্তকারী মেগা প্রকল্প হলো ডিভাইন মার্সি হাসপাতাল লি:,”

তিনি আরও বলেন, “আমরা বনপাড়াবাসীর সুবিধার্থে বনপাড়া ক্রেডিটের সাথে ডিভাইন মার্সি হাসপাতালের একটি চুক্তি করবো যার ফলে অল্প খরচে এখানকার মানুষেরা ডিভাইন মার্সি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে পারবে।”

এই শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাতটি বিভাগে নৃত্য, ছড়া গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, প্রার্থনা, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত, বাদ্যযন্ত্র বাদন, দেয়ালিকা, জারীগানের মত আরো অন্যান্য ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। - ডিসিনিউজ

Bengali pop up image