জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ
গত ৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট থেকে জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার গ্রহণ করছেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।
সমবায় খাতে অসামান্য অবদান, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মর্যাদাপূর্ণ “জাতীয় সমবায় পুরস্কার-২০২৫”-এ শ্রেষ্ঠ সমবায়ী সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
দুর্নীতির কারণে দেশের সমবায় সমিতিগুলো তাদের অতীতের গৌরবময় অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সমবায় খাতকে এগিয়ে নিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী ও সংস্কার করার আহ্বান জানিয়েছেন।
গত রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সমবায় দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে –“করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ”।
নিজের শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, “ছোটবেলায় ঠাকুরগাঁওয়ের মতো একটি ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমের ব্যাপক প্রাণচাঞ্চল্য ও গতিশীলতা দেখেছি।”
“তবে বর্তমানে অনেক সমবায় সমিতি দুর্নীতির কারণে তাদের কার্যকারিতা হারিয়েছে। এই স্থবিরতা কাটিয়ে উঠতে সমবায় ব্যবস্থাপনায় কঠোরভাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে,” বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করে বলেন, “সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা কোনো ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতির টেকসই বিকাশ, বিপুল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সরাসরি সম্পর্ক রয়েছে।”
এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে একটি কার্যকর হাতিয়ার হিসেবে রূপান্তর করার তাগিদ দেন তিনি।
বিশ্বের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটসহ সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “এসব সংকট মোকাবিলা এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি সমবায়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নানান প্রতিকূলতার মাঝেও আপনারা সমবায় আন্দোলনকে টিকিয়ে রেখেছেন, তবে কেবল টিকিয়ে রাখলেই হবে না, একে আরও আধুনিক ও গতিশীল করে জনগণের সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি মিলনায়তন প্রাঙ্গণে সমবায়ীদের উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। - নীড় সংবাদ
