এশিয়ার ডিজিটাল মিশনারিদের মানুষের বাস্তবতা বুঝে কাজ করার আহ্বান
মানুষের বাস্তবতা বুঝে কাজ করার আহ্বান
এশিয়ার ক্যাথলিক ডিজিটাল মিশনারিদের মানুষের কাছে পৌঁছানোর আগে তাদের জীবন, অভিজ্ঞতা ও বাস্তবতা মন দিয়ে শোনার আহ্বান জানিয়েছেন জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেটের মিডিয়া প্রতিনিধি মিরাল আতীক।
বিগত ১১ সেপ্টেম্বর কেজন সিটিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি অ্যাসেম্বলির “এশিয়ার বাস্তবতাকে বোঝা” (Understanding Asia Realities) প্যানেল আলোচনায় তিনি বলেন, মানুষের পরিস্থিতি না বুঝে তাদের জন্য কোনো বার্তা বা সেবা দানের পদ্ধতি নির্ধারণ করা উচিত নয়।
জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল ও সাইপ্রাসের বিভিন্ন ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে আতীক বলেন, সংঘাত ও সামাজিক বাস্তবতার কারণে একই অঞ্চলের মানুষের অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে। তাই ডিজিটাল মিশনারিদের প্রথমে শুনতে হবে, বুঝতে হবে এবং তারপর মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি যীশুর উদাহরণ তুলে ধরে বলেন, “তিনি মানুষের কাছে পৌঁছেছিলেন।” ডিজিটাল মাধ্যমে ব্যাপক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হলেও, সফল ধর্মপ্রচার ও যোগাযোগের জন্য মানুষের ব্যক্তিগত বাস্তবতা ও বিভিন্ন সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া জরুরি।
১১–১৩ সেপ্টেম্বরের এই সমাবেশে এশিয়ার বিভিন্ন দেশের ক্যাথলিক ডিজিটাল মিশনারি, যোগাযোগকর্মী ও কনটেন্ট নির্মাতারা অংশ নিয়ে পরিবর্তনশীল ডিজিটাল সংস্কৃতিতে মন্ডলীর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।
প্রতিবেদন - রেডিও ভেরিতাস এশিয়া
অনুবাদ - তেরেসা রোজারিও
