বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে পালিত হলো প্রতিষ্ঠানের প্রতিপালক শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে পালিত হলো শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস

গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পালিত হলো প্রতিষ্ঠানের প্রতিপালক শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস।

পর্বদিনের খ্রিস্টযাগ উৎসর্গ করেন সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এবং বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দীলিপ এস. কস্তা।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, সহকারী পাল পুরোহিত ফাদার আলবার্ট বকুল ক্রুশ, বনপাড়া পোপ ষষ্ঠ পল সেমিনারির পরিচালক ফাদার সুরেশ পিউরিফিকেশন।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে পাল পুরোহিত মহান মে দিবসের তাৎপর্য এবং সাধু যোসেফের আদর্শ সকলের সামনে তুলে ধরেন। সেইসাথে তিনি যোসেফ নামধারী সকলকে শুভেচ্ছা জানান।

তিনি আরো বলেন, “সাধু যোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। ঠিক একইভাবে আমরাও যেন ঈশ্বর ও মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকি। সাধু যোসেফ একজন নিরব কর্মী ছিলেন একই ভাবে আমরাও যেন তার মতো নিরব কর্মী হিসেবে সেবা করে যেতে পারি।”

এছাড়াও খ্রিস্টযাগে বিভিন্ন শিক্ষাসামগ্রী যেমন, ইউনিফর্ম, বিজ্ঞান চর্চা সামগ্রী, বইপত্র, খেলাধুলার সামগ্রী আশির্বাদ করেন। এ সময়ে প্রতিটি শিক্ষা সামগ্রীর তাৎপর্য সকলের সামনে তুলে ধরা হয়।

খ্রিস্টযাগের শেষে অধ্যক্ষ সকলের উদ্দেশ্যে ধন্যবাদমূলক বক্তব্য রাখেন এবং সবাইকে সাধু যোসেফের আদর্শ ধারণ ও লালন করতে আহ্বান জানান। - সজীব আন্তুনী কুলেন্তুনু

Bengali pop up image