“সিনোডালিটির শুরু সেখানে হয়, যেখানে মানুষ একসাথে পথ চলে আশার সাথে।“ - কার্ডিনাল কিকুচি
টোকিওর আর্চবিশপ এবং ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর মহাসচিব কার্ডিনাল তারসিসিও ইসাও কিউচি বিগত ২০ জুলাই, ২০২৬ এ অনুষ্ঠিত দ্বাদশ এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “সিনোডালিটি কোনো তত্ত্ব বা মণ্ডলীর কর্মসূচি নয়, বরং এটি খ্রিষ্ট সম্প্রদায়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা, পরস্পরের মধ্যে যত্নশীল একটি জীবনধারা।
কার্ডিনাল কিউচি এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী দিনের সমাপনী গণপ্রার্থনায় পৌরোহিত্য করেন। এই অধিবেশনটি ২০ থেকে ২৬ জুলাই, ২০২৬ পর্যন্ত জাকার্তায় “সিনোডাল রূপান্তরের আহ্বান এবং এশিয়ায় সেতু ও সেতুবন্ধন নির্মাতা হওয়ার মিশন” (The Call to Synodal Conversion and the Mission to Be Bridges and Bridge-Builders in Asia) এই প্রতিপাদ্যের অধীনে অনুষ্ঠিত হচ্ছে।
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের এন্ডে-র ছোট একটি গ্রামে সাম্প্রতিক কালে সফরের অভিজ্ঞতা থেকে কার্ডিনাল কিউচি বলেছেন, সিনোডাল যাত্রা কেমন হওয়া উচিত, তার একটি জীবন্ত উদাহরণ তিনি পেয়েছেন।
কার্ডিনাল কিউচি তাঁর ধর্মোপদেশে বলেন, “আশা এমন কোনো জিনিস নয় যা আমরা সহজে কিনতে বা অন্যকে দিতে পারি। আশার জন্ম হয় তখনই, যখন আমরা এমন মানুষের সান্নিধ্যে আসি যারা আন্তরিকভাবে একে অপরের যত্ন নেয়।”
কার্ডিনাল কিউচি একটি জৈব চাষ প্রকল্প পরিদর্শনের কথা স্মরণ করেন, যেখানে তিনি দেখেছিলেন গ্রামবাসীরা সীমিত সম্পদ সত্ত্বেও আনন্দ, মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতার সাথে জীবনযাপন করছে। ক্যারিটাস ইন্টারন্যাশনালিসের সভাপতি হিসেবে তিনি বিশ্বজুড়ে মানবিক ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন, তবুও তিনি উল্লেখ করেন যে এন্ডের এই সরল সম্প্রদায়টি তাঁর মনে এক গভীর ছাপ ফেলেছে।
"আমার কাছে, এটাই হলো সিনোডালিটির মূর্ত রূপ। এটি কেবল একটি ধারণা নয়, বরং একটি সম্প্রদায়ের জীবন - একসাথে পথ চলা, পরস্পরকে সমর্থন করা এবং আশাকে লালন করা," তিনি বলেন।
কার্ডিনাল কিউচি বলেছেন, এই অভিজ্ঞতা তাঁকে মনে করিয়ে দিয়েছে যে মণ্ডলীর কাজ কোনো প্রতিষ্ঠান বা প্রচুর সম্পদ দিয়ে শুরু হয় না, বরং এমন সম্প্রদায় দিয়ে শুরু হয় যারা একে অপরের পাশে থাকতে এবং অভাবীদের সেবা করতে ইচ্ছুক।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, কার্ডিনাল কিউচির প্রধান পৌরোহিত্যে গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংককের আর্চবিশপ ফ্রান্সিস জেভিয়ার ভিরা এবং তিমুর-লেস্তের বাউকাউয়ের বিশপ লিয়ান্দ্রো মারিয়া আলভেস সহ-পৌরোহিত্যিক হিসেবে দায়িত্ব পালন করেন।
কার্ডিনাল, বিশপ, যাজক, ধর্মীয় ব্যক্তিবর্গ, সাধারণ প্রতিনিধি, আয়োজক এবং এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দসহ প্রায় ২০০ জন এই উপাসনা অনুষ্ঠানে যোগদান করেন। জাকার্তার আর্চবিশপ কার্ডিনাল ইগনাতিয়াস সুহারিও এবং ইন্দোনেশিয়ার ক্যাথলিক বিশপ সম্মেলনের সভাপতি বিশপ আন্তোনিয়াস সুবিয়ান্তো বুঞ্জামিন, ওএসসি-ও উপস্থিত ছিলেন।
সমাবেশের মূলভাবের উপর আলোকপাত করে কার্ডিনাল কিউচি অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছেন যেন প্রার্থনা, বিচার-বিবেচনা এবং সংলাপের এই দিনগুলো সমগ্র এশিয়ার স্থানীয় গির্জাগুলোতে স্থায়ী নবায়নের পথ প্রশস্ত করে।
"আমরা একবারে পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারি না। আমরা তৃণমূল স্তর থেকে শুরু করি, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে। সেখানেই আশার জন্ম হয়, এবং সেখানেই চার্চ সিনোডালিটির সাক্ষ্য বহন করে," তিনি বলেন।
তাঁর বার্তাটি এশিয়ার খ্রিষ্ট মণ্ডলীর সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যে পরিপূর্ণ সমাজগুলোতে সেতুবন্ধনকারী হিসেবে কাজ করার পাশাপাশি, পারস্পরিক মিলন, অংশগ্রহণ ও ধর্মপ্রচারকে শক্তিশালী করার মাধ্যমে সিনোডাল রূপান্তরকে গ্রহণ করার জন্য সমাবেশের আহ্বানকে আরও জোরদার করেছে। প্রতিবেদন - আমাদিয়া প্রাণাস্তিতি। অনুবাদ – অতনু দাস।
