আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মা মারিয়াকে নিয়ে শোভাযাত্রা ও বিশেষ রোজারি মালা প্রার্থনা অনুষ্ঠান
গত ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা মিশনে অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে পালিত হয়েছে মা মারিয়ার মাস মে মাসের সমাপনী অনুষ্ঠান।
ক্যাথলিক বিশ্বাসীদের কাছে মে মাস বিশেষভাবে মা মারিয়ার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের মাস হিসেবে পরিচিত। এই উপলক্ষে অন্ধারকোঠা মিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ প্রার্থনা এবং রোজারি মালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় অন্ধারকোঠা মোড়ে মা মারিয়ার মূর্তির সামনে বিশেষ প্রার্থনার মাধ্যমে। এ সময় ফাদার সনেট কস্তা একটি প্রার্থনা পরিচালনা করেন। তিনি বিশ্বাসীদের জীবনে মা মারিয়ার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলের মধ্যে মারিয়ার প্রতি ভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধা আরও গভীর হোক এই উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন।
পরবর্তীতে মা মারিয়ার মূর্তি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ধর্মপ্রাণ খ্রিস্টবিশ্বাসীরা রোজারি মালা প্রার্থনা ও মারিয়ার স্তবগান করতে করতে মিশন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন।
অন্ধারকোঠা মিশন পাড়ায় পাঁচটি নির্ধারিত স্থানে বিশেষ স্টল স্থাপন করা হয়েছিল, যেখানে মা মারিয়ার মূর্তি স্থাপন করা হয়। প্রতিটি স্টলে গিয়ে উপস্থিত ভক্তরা প্রার্থনা নিবেদন করেন, মা মারিয়ার চরণতলে দান অর্পণ করেন এবং তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
শোভাযাত্রা ও প্রার্থনা পর্ব শেষে সকল বিশ্বাসী গির্জায় সমবেত হন। সেখানে ফাদার প্রেমু রোজারিও মারিয়ার জীবন, তাঁর মধ্যস্থতায় সংঘটিত বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা এবং খ্রিস্টীয় জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অনুপ্রেরণামূলক সহভাগিতা করেন। তাঁর বক্তব্য উপস্থিত সকলকে মারিয়ার প্রতি আরও আস্থাশীল ও অনুপ্রাণিত হতে সহায়তা করে।
সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রার্থনা, ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিকতার এক অংশ। অংশগ্রহণকারী বিশ্বাসীরা জানান, এ ধরনের আয়োজন তাঁদের বিশ্বাসের জীবনকে আরও সমৃদ্ধ করে এবং মা মারিয়ার প্রতি তাঁদের ভালোবাসা ও আস্থা বৃদ্ধি করে। - ফাদার সনেট কস্তা