আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস দিবস
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা ধর্মপল্লীতে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ওয়াইসিএস দিবস।
এ সেমিনারের মূলসুর ছিল, “আমরা দেখবো যীশুর চোখে, বিচার করবো যীশুর মতো করে, ভালোবাসবো যীশুর মতো করে এবং কাজ করবো যীশুর মতো করে।” দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৬০ জন ওয়াইসিএসের সদস্য তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
ধর্মপল্লী সহকারী পাল পুরোহিত ফাদার সনেট কস্তার নেতৃত্বে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার যীশুর ভালোবাসার আদর্শ তুলে ধরে বলেন, “যীশু যেমন আমাদের ভালোবেসেছেন ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা যেন পরস্পরকে ভালোবাসি, একে অন্যকে সাহায্য করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই ।”
যুবাদের খ্রিস্টের দৃষ্টিতে জীবন ও সমাজকে দেখা তার আদর্শে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ভালোবাসা ও সেবার মাধ্যমে সে বিশ্বাসকে কাজের রূপ দেওয়ার আহ্বান জানানো হয়।
এরপর অনুষ্ঠিত হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে যীশুর ছবি তুলে দেওয়া হয়। যাতে যীশুকে আদর্শ করে সবাই ভালোবাসা, সেবা ও মানবিকতার চেতনায় জীবন গড়ে তুলতে পারে।
পরিশেষে ওয়াইসিএসের থিম সং এর উপর দলীয় নৃত্য ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী ওয়াইসিএস দিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটে । - ফাদার সনেট কস্তা।
