লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
এই দিবসের মূলসুর ছিল “যিশুর বাণী প্রচারে আমরা এক”। এই শিশুমঙ্গল দিবসে ফাদার-সিস্টার, শিশু এনিমেটরসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ২৩৫ জন।
ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তার সহার্পিত খ্রিস্টযাগের মধ্য দিয়ে পবিত্র শিশুমঙ্গল দিবসের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, “তোমরাই যিশুর সবচেয়ে কাছের মানুষ। তাই ছোটবেলা থেকে যিশুর বাণী প্রচার করতে পারলে তোমরা সফল হবে।”
বিভিন্ন বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু, ফাদার শ্যামল জেমস গমেজ ও ফাদার সুরেশ পিউরিফিকেশনের এবং শিশুদের উজ্জীবিত করে।
পবিত্র শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণকারী একজন শিশু তার মনের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকে আমার অনেক ভালো লাগছে কারণ আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে অনেক কিছু শিখতে পেরেছি।”
শিশুদের অংশগ্রহণে ছিলো আনন্দ শোভাযাত্রা। শিশু পরিচালিকা সিস্টার জয়া ও অন্যান্য শিশু এনিমেটরদের সহযোগিতায় শিশুরা খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, গল্পবলা, ছড়া ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে শেষে শিশুদের পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে এই দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার শ্যামল জেমস গমেজ