জয়পুরহাট ধর্মপ্রদেশের লক্ষ্মীকোল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস

জয়পুরহাট ধর্মপ্রদেশের লক্ষ্মীকোল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস

গত ১৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে জয়পুরহাট ধর্মপ্রদেশের লক্ষ্মীকোল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস।

রাজশাহী ও জয়পুরহাট ধর্মপ্রদেশের যুবসমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও খ্রিস্টিয় বিশ্বাসকে সুদৃঢ় করার লক্ষ্যে এই দিবসের আয়োজন করা হয়। এতে দুই ধর্মপ্রদেশ থেকে প্রায় ২২০ জনেরও বেশি যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

যুব ক্রুশ স্থাপনের মধ্য দিয়ে এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার কেরুবিম বাকলা, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার শ্যামল গমেজ এবং সাধু জন বস্কো ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এমিল এক্কা, এসডিবি।

এছাড়াও যুব দিবস চলাকালীন বিশপ জের্ভাস রোজারিও, বিশপ পল গমেজ, বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার ও সিস্টারগণ উপস্থিত ছিলেন।

ধর্মপ্রদেশীয় যুব দিবসে অংশগ্রহণকারীগণ

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেন, “যুবরা হচ্ছে মণ্ডলীর ভবিষ্যত। যুবরা যদি প্রাণবন্ত হয় তাহলে মণ্ডলী হবে জীবন্ত। তবে যুবদের সঠিক গঠন প্রদান জরুরি।”

জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গমেজ বলেন, “এই বছর রাজশাহী এবং জয়পুরহাট ধর্মপ্রদেশ একত্রিত হয়ে যুবদিবস উদযাপন করছে। আর এই কারণে রাজশাহী ধর্মপ্রদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস ও আশা রাখি- এই যুবদিবস থেকে যুবরা নৈতিক ও আধ্যাত্মিক গঠন লাভ করে পরিবার, সমাজ ও মণ্ডলীতে অবদান রাখতে পারবে।”

যুব দিবসে যুবসমাজের বিশ্বাস, জীবনবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্ব ও খ্রিস্টিয় আদর্শের ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ভিত্তিক সহভাগিতা ও গঠনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুবক-যুবতীরা নিজেদের বিশ্বাসের অভিজ্ঞতা বিনিময় এবং দৈনন্দিন জীবনে খ্রিস্টিয় মূল্যবোধের চর্চা সম্পর্কে জানার সুযোগ লাভ করে।

ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো যুব দিবস

পাশাপাশি পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দুই ধর্মপ্রদেশের যুবসমাজের মধ্যে সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।

যুব দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল আগামী বছরের আয়োজনের দায়িত্বপ্রাপ্ত রহনপুর ধর্মপল্লীর কাছে পবিত্র যুব ক্রুশ হস্তান্তর।

বিশপ পল গমেজের মাধ্যমে ক্রুশ হস্তান্তরের মধ্য দিয়ে ঘোষণা করা হয় যে, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব দিবস ২০২৭ অনুষ্ঠিত হবে রহনপুরের সাধু যোসেফ ধর্মপল্লীতে।

প্রার্থনা, সহভাগিতা ও বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে এ যুব দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। - বেনেডিক্ট তুষার বিশ্বাস

Bengali pop up image