শিক্ষক দিবস উদযাপিত সূর্য কিরণের ছাত্র – ছাত্রীদের
গত ২৯ সেপ্টেম্বর ২০২৬, সূর্যকিরণ বিদ্যালয়ের ছেলে-মেয়েরা হেরিটেজ অডিটোরিয়ামে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপন করে।
'সূর্যকিরণ ' হেরিটেজ অ্যাকাডেমির একটি অবৈতনিক সান্ধ্যকালীন স্কুল। যেখানে আশেপাশের প্রায় দুশো অনগ্রসর পিছিয়ে পড়া ছেলেমেয়েরা পড়াশোনা করে। স্কুলের পোশাক থেকে শুরু করে বই-খাতা, ব্যাগ ও শিক্ষার নানা সামগ্রী তাদের দেওয়া হয় যাতে আর পাঁচটা স্বাভাবিক স্কুলের ছেলেমেয়েদের মতই তারা বড় হয়ে উঠতে পারে। প্রতিদিন বিকেলের টিফিনে দুধ - বিস্কুট নানা খাদ্য সামগ্রী পরিবেশন করা হয় প্রতিটি শিশুর স্বাস্থ্যের কথা ভেবে।
আজ আর বলতে দ্বিধা নেই প্রায় দীর্ঘ কুড়ি বছরের অনলস পরিশ্রমে ছেলেমেয়েরা অনেক বেশিই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।শুধু পড়াশোনা নয়,সাংস্কৃতিক দিক দিয়েও তারা অনেক উন্নত হয়েছে যার এক ঝলক এই অনুষ্ঠানে ফুটে উঠেছে।
অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। বিকাল ৪.৩০ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
প্রথমে উদ্বোধনী সংগীত গুরু বন্দনা পরিবেশন করে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রী। এরপর একজন অভিভাবিকা দিনের তাৎপর্য বলেন। তারপর চন্দনের টিকা ও পুষ্প স্তবক,মিষ্টি দিয়ে দিদিদের সম্মান প্রদর্শন করে ছোট ছোট ছেলে- মেয়েরা। এরপর একক নৃত্য পরিবেশন করে তৃতীয় শ্রেণীর মৈত্রেয়ী। তারপর প্রথম শ্রেণীর পড়ুয়াদের ছড়া -আবৃত্তি সত্যি প্রশংসনীয়।
সবুজায়ন প্রয়াসে সব দিদিমণিদের একটি করে গাছ উপহার দেওয়া হয়। শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্কুলের বড়দিদি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষে সকলের জন্য চা ও জলখাবারের আয়োজন করা হয় প্রত্যেকে শিশুর হাতে একটা কেক ও বিস্কুট দেওয়া হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
