পাকিস্তানের আফগান সীমান্ত অঞ্চল থেকে প্রথম সালেশিয়ান যাজকের অভিষেক লাভ

গত ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চল চামান থেকে প্রথম স্থানীয় ফাদার হিসেবে অভিষিক্ত হয়েছেন ফাদার ফারাজ দর্শন, লাহোরের স্যাক্রেড হার্ট ক্যাথেড্রালে এক বিশেষ  প্রার্থনাপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ফাদার হিসেবে অভিষেক প্রদান করেন লাহোরের আর্চবিশপ খালিদ রেহমত।

উল্লেখ্য ফাদার ফারাজ দর্শনের অভিষেক পাকিস্তানের ক্যাথলিক মণ্ডলীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তিনি সালেশিয়ান অব ডন বস্কোর জন্য অভিষিক্ত চতুর্থ পাকিস্তানি ফাদার। একই সঙ্গে বেলুচিস্তান প্রদেশের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী চামান অঞ্চল থেকে তিনিই প্রথম স্থানীয় ফাদার।

উক্ত এই অভিষেক অনুষ্ঠানে প্রায় ৩০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১২ জন ফাদার সহ ফারাজের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।  

১৯৯৫ খ্রিস্টাব্দের ৬ সেপ্টেম্বর ফাদার ফারাজ জন্মগ্রহণ করেন।পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের  ব্যস্ত শহর চামানেই তার শৈশব কাটে। নিরাপত্তা-সংকট, সীমান্তের নানা প্রতিকূলতা  এবং অতি ক্ষুদ্র খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠা তার বিশ্বাস ও জীবনের দৃঢ়তাকে গভীরভাবে প্রভাবিত করে।

ফাদার ফারাজ দর্শন ছোটবেলা থেকেই সাধু জন বস্কোর আধ্যাত্মিকতা ও সালেশিয়ান ফাদারদের জীবনযাপনে অনুপ্রাণিত হন। কৈশোরে একটি যুব সেমিনারে এক সালেশিয়ান ফাদার তাকে প্রশ্ন করেন, ‘তুমি কে?’ এই প্রশ্ন তাকে নিজের জীবনের আহ্বান নিয়ে ভাবতে সাহায্য করে এবং পরবর্তীতে ফাদার হওয়ার পথ বেছে নিতে অনুপ্রাণিত করে।

তবে শুরুতে তার বাবা এই সিদ্ধান্ত গ্রহণ করতে চাননি। তিনি চেয়েছিলেন, ফারাজ একজন সেনা কর্মকর্তা হোক।

উক্ত অভিষেক অনুষ্ঠানের উপদেশে আর্চবিশপ খালিদ রেহমত পুরোহিত জীবনের পবিত্রতার ওপর তিনি বলেন, পুরোহিতের সেবাকাজ আত্মনিবেদন ও খ্রিস্টকে জীবনের কেন্দ্রস্থলে রাখতে হবে।

ডন বস্কো সেন্টারের রেক্টর ফাদার নোবেল লাল নব অভিষিক্ত ফাদারকে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি ফাদার ফারাজকে সাধু জন বস্কোর আদর্শ ও সালেশিয়ান আদর্শে অবিচল থাকার, যুবকদের সেবায় নিজেকে নিয়োজিত করার এবং বিনয়, নিষ্ঠা ও নিরন্তর প্রার্থনার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ধন্যবাদের খ্রিস্টযাগে ফাদার ফারাজ, তার এই ব্রতীয় জীবনে যারা তাকে অনুপ্রাণিত করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরো বলেন যে, পরিবারই হলো পুরোহিত হওয়ার প্রথম সেমিনারি।

তিনি ডন বস্কোর আদর্শ অনুসরণ করে তরুণদের শিক্ষা, বিশ্বাসের গঠন ও আধ্যাত্মিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের পাশে থাকার এবং সেবা করার অঙ্গীকার করেন।- আরভিএ সংবাদ ।

 

Bengali pop up image