বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিক্ষকদের জন্য তপস্যাকালীন নির্জনধ্যান
গত ২৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিক্ষকদের জন্য তপস্যাকালীন নির্জনধ্যান।
এই তপস্যাকালীন নির্জনধ্যানের মূলসুর ছিল “অনুতাপ ও মন পরিবর্তনে সর্বান্তঃকরণে যীশুর কাছে ফিরে এসো”। এতে বোর্ণী ধর্মপল্লীর মোট ১৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এই নির্জনধ্যান পরিচালনা করেন সেন্ট রীটাস্ হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গমেজ। তিনি তার সহভাগিতায় বলেন, “শিক্ষকগণ যেন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে শিক্ষা সেবাদানে নিজেদের উৎসর্গ করেন এবং আদর্শ শিক্ষক হয়ে উঠেন।”
অর্ধদিবসব্যাপী অনুষ্ঠিত এ নির্জনধ্যানের শুরুতেই সগরি গমেজ ও সিস্টার আসন্তা, এসসি-এর পরিচালনায় ক্ষুদ্র প্রার্থনা, গান ও বাইবেল পাঠ করা হয়।
অন্যদিকে সেন্ট লুইস প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তপস্যাকালীন এই বিশেষ সময়ে সকল শিক্ষক যেন নিজ নিজ অন্তরের দিকে তাকান এবং আত্মমূল্যায়নের মাধ্যমে মন্দ দিকগুলো পরিহার করে ভাল দিকগুলো বাড়িয়ে তোলার শপথ গ্রহণ করেন।”
শুভেচ্ছা বক্তব্যের পর ফাদার পিউস তপস্যাকাল: আত্মমূল্যায়ন, মন পরিবর্তন ও পাপস্বীকার-এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
এরপর সকলে পর্যাপ্ত সময় নিয়ে ব্যক্তিগতভাবে নীরবে ধ্যান করেন এবং পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণ করেন। পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণ শেষ হলে সকলে খ্রীস্টযাগে অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগ শেষে ফাদার উত্তম রোজারিও সার্বিক সহযোগিতার জন্য ফাদার পিউস গমেজকে এবং সক্রিয় অংগ্রহনের জন্য অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। - ফাদার উত্তম রোজারিও