যাজকীয় ও সন্ন্যাস জীবনের হীরক ও রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান

যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকদের হীরক ও রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান

গত ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকীয় সন্ন্যাস জীবনের হীরক রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান রামপুরা মরো হাউজে উদযাপন করা হয়।

উক্ত এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও, বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি এবং বাংলাদেশে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকীয় জীবনের হীরক রজত জয়ন্তী উদযাপনকারী ফাদারগণ, আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী সেমিনারীয়ানগণ, বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ।

এই অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “আমাদের জীবনে বিভিন্ন দান ঈশ্বর দিয়েছেন আর এই দান গুলোই আমাদের জীবনের দায়িত্ব হয়ে উঠে। আমাদের জীবনে রয়েছে পবিত্রতা। জীবনের বিভিন্ন ধাপে আমরা বেড়ে উঠি যেমন পরিবারে এবং ব্রতীয় জীবনে। এটা একটা প্রবাহ। যেমন আমাদের জীবনে রয়েছে পিতার দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবাহ। সেটার একটা বিস্তার রয়েছে। এটা আমাদের জীবনে চলমান প্রবাহ।

 বিশপ গমেজ আরো বলেন, “ব্রতীয় জীবনে বাহ্যিক যা কিছু দেখছি তার গভীরতা কতটুকু। এই যাত্রায় ঈশ্বরের দিকে যাওয়া এবং পবিত্রতার দিকে যাওয়ার একটা পথ আমরা খুঁজে পাই।

 “ভাইবোনেরা আমাদের জীবন যেন লোক দেখানো না হয়। বরং আমরা যেন অন্যকে দেখতে চাই। এই দেখার মধ্যে থাকবে হৃদয়ের আন্তরিকতা। তাই  দেখার মতো জীবন আমাদের গড়ে তুলতে হবে। যেখানে থাকবে পবিত্রতা এবং সৌন্দর্য এই সুন্দর হওয়ার মধ্যে একটা পরিশ্রম থাকে। এই সৌন্দর্যের মধ্যে থাকবে প্রার্থনা, ত্যাগস্বীকার, ভালোবাসা , এবং আমাদের ব্রতগুলোর সঠিক ব্যবহার করা”, বলেন বিশপ গমেজ।

যাজকীয় ও সন্ন্যাস জীবনের হীরক ও রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান

সংঘপ্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি বলেন, “সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী ভাই জুবিলী পালনকারী ফাদারদের জীবনের জন্য। বিগত দিনগুলোর মতোই আমাদের জীবনে যেন ঈশ্বরের অনাবিল আশীর্বাদ সদা প্রবাহমান থাকে। যাতে আমরা সুস্থ দেহ আত্মায় আমাদের প্রৈরিতিক কর্ম-দায়িত্ব নিষ্ঠার সাথে পালন 'রে যেতে পারি। পবিত্র ক্রুশ সংঘের পক্ষ থেকে তাদের সকলের দীর্ঘায়ু সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

তিনি আরো বলেন, “সন্ন্যাসব্রতী হিসেবে আমাদের সবাইকেই বারবার প্রকৃতির ন্যায় নিজেদেরকে নতুনভাবে, নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে হয় যেন আমাদেরকে দেখে সবাই আশা খুঁজে পায়। একজন সন্ন্যাসব্রতী হিসেবে আমরা সবাই খ্রীষ্টকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করেছি এবং তাঁর সাথে মিলিত হবার মাধ্যমে আমরা এখন নবসৃষ্টি হয়ে উঠেছি।

যাজকীয় জীবনের রজত জয়ন্তী উদযাপনকারী ফাদার গাব্রিয়েল টপ্প, সিএসসি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার যাজকীয় জীবনের পঁচিশ বছর জয়ন্তী লগ্নে আমি গভীরভাবে আনন্দিত, কারণ পঁচিশটি বছর যাদের সাথে কাজ করেছি পথ চলেছি যেমন- ফাদার, ব্রাদার, সিস্টার ক্যাটেখিস্টগণ আমাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন বলেই আমি পর্যন্ত আসতে পেরেছি তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, “আপনরা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার বাকি জীবন এই ভাবেই ঈশ্বরের বিশ্বস্ত যাজক হিসেবে মন্ডলীতে সেবা দিয়ে যেতে পারি।” 

এই অনুষ্ঠানে বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি যাজকীয় জীবনের হীরক জয়ন্তী, ফাদার গাব্রিয়েল টপ্প, সিএসসি যাজকীয় জীবনের রজত জয়ন্তী এবং ফাদার বিকাশ জেমস রিবেরু  ব্রতীয় জীবনের রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।

এছাড়া একই দিনে সেমিনারীয়ান নিশির গাব্রিয়েল রোজারিও এবং পল নোয়াস ধান যারা আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ করেন।

যাজক হিসেবে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে সাফল্যমণ্ডিত হীরক রজত জয়ন্তী এবং শেষ ব্রত অনুষ্ঠানের এই মহতীলগ্নের বিশেষ সময়ে ঈশ্বরের মঙ্গলাশীষ জয়ন্তী পালনকারী আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী ভাইদের অন্তর যেন পরিপূর্ণ করে ঐশকূপা তাদের প্রেরণকর্মের এই শুভযাত্রাকে যেন সাফল্যমণ্ডিত করে এই প্রত্যাশা করি। - আরভিএ সংবাদ

Bengali pop up image