ভূতাহারা ধর্মপল্লীতে শ্রমিক সাধু যোসেফের পর্ব উদযাপন ও হস্তার্পণ সংস্কার প্রদান

ভূতাহারা ধর্মপল্লীতে শ্রমিকদের প্রতিপালক সাধু যোসেফের পর্ব ও হস্তার্পণ সংস্কার প্রদান

গত ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ, নিয়ামতপুর থানার অন্তর্গত ভূতাহারা ধর্মপল্লীতে শ্রমিকদের প্রতিপালক সাধু যোসেফের পর্ব ও হস্তার্পণ সংস্কার অনুষ্ঠিত হয়।

নয় দিন ব্যাপি নভেনা প্রার্থনা, ধর্মীয় শিক্ষা ও গান শিক্ষার পর মহাসমারহে উদযাপিত হলো প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস। পর্ব উৎসবকে আরো বেশি গাম্ভির্য্যপূর্ণ করতে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়। এতে ধর্মপল্লীর  কয়েকটি গ্রামের মোট ১০২ জন ছেলে-মেয়ে ও খ্রিস্টভক্তদের হস্তার্পণ প্রদান করা হয়।

উক্ত পর্ব উৎসবে বিশপসহ মোট ১১ জন যাজক,  সিস্টার,  বিভিন্ন গ্রাম ও মিশন থেকে আগত মোট প্রায় ৬০০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

প্রথমেই ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা সকলের উদ্দেশ্যে পর্ব দিনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আমাদের ধর্মপল্লীর প্রতিপালক হচ্ছেন শ্রমিক সাধু যোসেফ। তাই আমরা প্রত্যেকে যেন শ্রমিক সাধু যোসেফের মত পরিশ্রমী মানুষ হয়ে উঠতে পারি”।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস রোজারিও বলেন,“শ্রমজীবি মানুষের আদর্শ শ্রমিক সাধু যোসেফ। যার জীবন আমাদের অনুপ্রাণিত করে। আজকে যারা হস্তাপর্ণ সংস্কার গ্রহণ করবে তোমরা প্রত্যেকে পবিত্র আত্মাকে লাভ করে খ্রিস্টের শিষ্য হয়ে উঠবে এবং তোমাদের জীবন দিয়ে তোমরা যিশুকে প্রচার করবে”।

পবিত্র খ্রিস্টযাগের শেষে শ্রমিকদের যন্ত্রপাতি আশির্বাদ এবং সাধু যোসেফের মন্দিরে প্রার্থনা ও মাল্য প্রদান করা হয়।

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রমিক সাধু যোসেফের পর্ব উৎসব পালনের সমাপ্তি ঘোষনা করা হয়। - ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু

Bengali pop up image