ভবানীপুর ধর্মপল্লীর অন্তর্গত নওদাপাড়া গ্রামে সাধু ইগ্নেসিয়াস লয়োলার গির্জা উদ্বোধন ও আশীর্বাদ
গত ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ভবানীপুর ধর্মপল্লীর নওদাপাড়া গ্রামে সাধু ইগ্নেসিয়াস লয়োলার গির্জা শুভ উদ্বোধন ও আশীর্বাদ করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও সহ ৯জন জেসুইট ও ধর্মপ্রদেশীয় যাজক এবং প্রায় ৬০০জন খ্রিস্টভক্ত।
উল্লেখ্য যে, বাংলাদেশের জেসুইট মিশনারীদের প্রচেষ্টায় খ্রিস্টবিশ্বাসীদের জন্য সাধু ইগ্নেসিয়াস লয়োলাকে উৎসর্গীকৃত গির্জাঘর উদ্বোধন করা হয়েছে।
নাটোরের ভবানীপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীর অধীনস্থ নওদাপাড়া গ্রামে গির্জাঘরটি নির্মিত হয়। নবনির্মিত গির্জাটি এই এলাকায় বিশ্বাস ও মিশনারী উদ্দীপনার এক দৃশ্যমান প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
নবনির্মিত গির্জাঘরটি প্রার্থনাময় পরিবেশে খ্রিস্টযাগ ও আশির্বাদের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই বিশেষ দিনে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। তিনি তার উপদেশ বাণীতে বলেন, “এই নতুন গির্জাটি উপাসনা ও আধ্যাত্মিক বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করবে। এটি ধর্মপ্রচারে সহায়তা করবে এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়কে শক্তিশালী করবে।”
“আশা করা যায় যে, এই গির্জাটি ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাস ও প্রতিজ্ঞায় বেড়ে উঠতে অনুপ্রাণিত করবে,” বলেন বিশপ।
এই নতুন গির্জা পবিত্র খ্রিষ্টযাগ উদযাপনের জন্য একটি স্থায়ী পবিত্র স্থান, যা ঈশ্বরের জনগনকে পবিত্র করে তুলবে।
গ্রামের একজন খ্রিস্টভক্ত তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের অনেক দিনের স্বপ্ন আজ পুরন হলো এই জেসুইট মিশনারী ফাদারদের মধ্য দিয়ে। আমরা গ্রামবাসী সবাই অনেক আনন্দিত এই নতুন গির্জা পেয়ে, এখন থেকে আমাদের ছেলে-মেয়েরা গির্জামুখি হবে।”
তিনি আরো বলেন, “আজকের এই বিশেষ দিনে আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে জেসুইট ফাদারদের এবং বিশপ মহোদয়কে অনেক অনকে ধন্যবাদ জানাই।” - ফাদার নিউটন ত্রিপুরা, এসজে