বরিশাল কাথলিক ডাইওসিসে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন
গত ১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হলো বরিশাল কাথলিক ডাইওসিসের বাৎসরিক পালকীয় সম্মেলন।
এবারের পালকীয় সম্মেলনের মূলসুর ছিল “মনের নবীকরণে তোমরা রূপান্তরিত হও”। এতে ধর্মপ্রদেশের বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার, ক্যাটেখিস্ট, পিতা-মাতা, যুবক-যুবতী ও ধর্মপল্লীর খ্রিস্টভক্ত মিলে প্রায় ১১৫ জন অংশগ্রহণ করেন।
এই ধর্মপ্রদেশীয় বাৎসরিক পালকীয় সম্মেলনের উদ্দেশ্য হলো খ্রিস্টভক্তদের মনের নবীকরণ, বিশ্বাসের দৃঢ়তা, ভালোবাসা ও সেবার মধ্য দিয়ে ডাইওসিসের প্রতিটি ধর্মপল্লীকে আরও প্রাণবন্ত ও ফলবান করে তোলার প্রত্যয়ে এক সাথে পথচলা।
বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, “সিনডাল মণ্ডলীতে আমাদের আহ্বান হলো প্রেরণকর্মী খ্রিস্ট-শিষ্য হওয়ার। পবিত্র ত্রিত্ব ঈশ্বরের নামে দীক্ষাস্নান সাক্রামেন্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা সকলেই সেই আহ্বান পেয়েছি।”
“খ্রিস্ট-শিষ্য হওয়ার অর্থ হলো যিশুর প্রতি আমাদের চিন্তা, মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। নবায়ন বা নতুন করা। তাঁর প্রতি বিশ্বাসী হওয়া এবং তাঁর সাথে একটি গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া,” বলেন বিশপ রোজারিও।
তিনি আরও বলেন, “প্রকৃতপক্ষে, একটি সিনডাল মণ্ডলী হয়ে ওঠার জন্য পালকীয় কাজের নবায়ন একান্ত আবশ্যক। মণ্ডলীর পালকীয় কাজের লক্ষ্য হলো মানুষের পরিত্রাণ ও মঙ্গলবাণী প্রচারের মাধ্যমে ঐশরাজ্য বিস্তার করা।”
“সকলের অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ পালকীয় সেবার জন্য পালকীয় কাজের ধরণ ও পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। পালকীয় মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মণ্ডলীর পালকীয় কর্মকাণ্ড ও প্রৈরিতিক কাজের জন্য কাঠামোগত ও প্রেরণকাজের নবায়ন প্রয়োজন। মন পরিবর্তন ছাড়া এই নবায়ন সম্ভব নয়। তাই পোপ ফ্রান্সিস পালকীয় ও প্রৈরিতিক মন পরিবর্তনের জন্য প্রতিটি সমাজকে আহ্বান জানিয়েছেন,” বলেন বিশপ রোজারিও।
একজন অংশগ্রহণকারী তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এবারের পালকীয় সম্মেলন সার্বিকভাবে সবকিছু ভালো ছিল। বিশেষ করে বক্তাদের সহভাগিতা, বাস্তবধর্মী অভিজ্ঞতা যা আমাদের পরবর্তী দিনগুলোতে পালকীয় কাজ করতে সহায়তা করবে।”
তিন দিনব্যপি এই পালকীয় সম্মেলনের মধ্যে ছিলো প্যানেল আলোচনা, বিশপীয় পালকীয় পত্রের উপর আলোচনা, ধর্মপল্লীভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ, মুক্তালোচনা এবং মূল্যায়ন। - আরভিএ সংবাদ
