সাধু যোসেফ ক্যাথলিক গির্জা, সাজনাবেড়িয়ায় জুবিলি ক্রশের স্বাগতানুষ্ঠান

বিগত ২১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ, বুধবার  এক অভাবনীয় আধ্যাত্মিক পরিবেশ ও প্রার্থনাময় হৃদয়ে সজ্জিত হয়ে সাধু যোসেফ ক্যাথলিক গির্জা,  সাজনাবেড়িয়া জুবিলি ক্রশকে স্বাগত জানাল।

এই দিন সাধু আন্তনি গির্জা (কেওড়াপুকুর) থেকে শুরু হয় এক দীপ্তিময় মোমবাতি প্রজ্জ্বলিত শোভাযাত্রা, যেখানে প্রায় ২৫০ জন বিশ্বাসী অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি শুরু হয় পবিত্র জুবিলী ক্রুশ আরাধনা, স্তবগান ও প্রার্থনার মাধ্যমে। ফাদার উজ্জ্বল মণ্ডলের নেতৃত্বে, এটি ছিল এক গভীরতাময় আধ্যাত্মিক যাত্রা – যেখানে প্রতিটি মোমবাতি প্রতিফলিত করছিল বিশ্বাসীদের অন্তরে আশার জাগরণ।

সাধু যোসেফের গির্জায় পৌঁছানোর পর, এক ভাবগম্ভীর ও হৃদয়গ্রাহী পরিবেশে জুবিলি ক্রকে স্বাগত জানানো হয়। 

এরপর ফুল, ধূপ, স্তবগান এবং প্রার্থনার মধ্য দিয়ে ক্রকে গির্জার বেদীতে স্থাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় জুবিলী ক্র আরাধনা (Adoration of the Cross), যেখানে সবাই গভীর প্রার্থনায় অংশ নেন।

ফাদার উজ্জ্বল মণ্ডল উপস্থিত বিশ্বস্তদের উদ্দেশ্যে জুবিলি বর্ষ ২০২৫ সম্পর্কে একটি সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন যে, এই উদযাপন আমাদের বিশ্বাস ও আশার যাত্রার কথা গভীরভাবে অনুধ্যান করে পুনর্নবীকরণ করার একটি মুহূর্ত।

ফাদার জুবিলী ২০২৫ সালের মূল বার্তা ও বৈশিষ্ট্য আগত সকল খ্রীষ্টভক্তকে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেন, যাতে উপস্থিত সকলেই এর গভীরতা ও তাৎপর্য উপলব্ধি করতে পারেন।

গির্জা প্রাঙ্গণ এক শান্তিময়, প্রার্থনাপূর্ণ ও শ্রদ্ধাভরা পরিবেশে পরিণত হয়, যেখানে প্রত্যেকে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন।

আমরা “আশার তীর্থযাত্রী”, সেই বিশ্বাস নিয়ে ক্র টি এক পাড়া থেকে অন্য পাড়ায় পরবর্তীতে নিয়ে যাওয়া হবে, যাতে প্রতিটি ব্যক্তির কাছে খ্রিষ্টের বার্তা পৌঁছে যায়। গির্জার বিভিন্ন পাড়ার বিশ্বাসীরা মিলিত হয়ে ক্র বহন করবেন এবং স্থানীয়ভাবে প্রার্থনা ও খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন- সৌম্য প্রামানিক

Bengali pop up image