ভাওয়াল এলাকার সেবক-সেবিকাদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সম্মেলন
গত ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত ভাওয়াল এলাকার বিশেষ করে ফাদার টেক, ভাদুন, পুবাইল এবং গাজীপুরের সেবক-সেবিকাদের নিয়ে পবিত্র ক্রুশ পালকীয় কেন্দ্র ও ধ্যানাশ্রমে অনুষ্ঠিত হলো বিশেষ সম্মেলন।
এ সম্মেলনের মূলসুর ছিল, “শিশুদের আমার কাছে আসতে দাও ”। এতে ভাওয়াল এলাকা থেকে আগত সেবক-সেবিকা, এনিমেটর, ব্রাদার এবং সিস্টার মিলে প্রায় ১৩৮জন অংশগ্রহন করেন।
পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই সম্মেলনটি শুরু করা হয়। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ, সিএসসি এবং তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন ফাদার রুবেন গমেজ, সিএসসি, ফাদার শেখর পেরেরা, সিএসসি এবং ফাদার খোকন নকরেক, সিএসসি।
ফাদার জেমস ক্রুশ সিএসসি তার উপদেশ বাণীতে বলেন, “তোমাদের মত আমি যখন ছোট ছিলাম তখন আমিও তোমাদের মত সেবক হতাম আর সেই আহ্বান থেকেই আজ আমি ফাদার হতে পেরেছি।”
“আমাদের এই খ্রীষ্ট মন্ডলীর মধ্যে যতজন ফাদার হয়েছে তারা প্রায় সবাই সেবক দলে জড়িত ছিল। তোমরাও একদিন এইখান থেকে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে ফাদার, ব্রাদার, সিস্টার হবে আমি এই প্রত্যাশা করি,” বলেন ফাদার ক্রুশ।
ফাদার আরো বলেন, “তোমাদের এই সেবা কাজটি ছোট্ট একটি কাজ নয়, তোমাদের এই সেবা কাজ মন্ডলীর জন্য অনেক গুরুত্ব বহন করে। বেদীর মধ্যে তোমরা সবাই অনেক যীশুর কাছে থাকো। তোমরা ফাদারদেরক সহায়তা কর।”
“তোমরা যখন শোভাযাত্রা করে ক্রুশ হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও তখন তোমরা যীশুকে বহন করো। তোমরা তার পাশে মোমবাতি দিয়ে আলো করে রাখো,” বলেন ফাদার জেমস।
দিনব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টযাগ, আনন্দ শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিত এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও