দি খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি; ঢাকা (ঢাকা ক্রেডিট)’র নবনির্মিত প্রার্থনাগৃহের উদ্বোধন
গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, পবিত্র খ্রীষ্টযাগ ও প্রার্থনার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে দি খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি; ঢাকা (ঢাকা ক্রেডিট)’র নবনির্মিত প্রার্থনাগৃহ।
তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ’র পৌরহিত্যে খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন সহাকারী পাল-পুরোহিত সাগর ক্রুশ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট হেমন্ত আই. কোড়াইয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিট’র সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস ডি’ ক্রুজ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সুপারভাইজরী ও লোন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের খ্রীষ্টান নেতৃবৃন্দ।
উপদেশে ফাদার জয়ন্ত এই প্রার্থনা গৃহকে ‘পাওয়ার হাউজ’ উল্লেখ করে বলেন, “প্রতিটি কাজের সূচনায় প্রার্থনা করাই এই প্রার্থনা গৃহের মূল তাৎপর্য।”
তিনি শিক্ষা ও স্বাস্থসেবার মাধ্যমে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “ফাদার চার্লস জে. ইয়ং প্রতিষ্ঠিত এই অগ্রগামী সমবায় প্রতিষ্ঠানে আজ প্রাণবন্ত তরুণ প্রজন্ম নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।”
ডিভাইন মার্সি হাসপাতালের মতো স্বাস্থসেবামূলক উদ্যোগকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে, প্রতিষ্ঠানের ৫০ সহস্রাধিক গ্রাহকের আমানত ও অটল বিশ্বাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এরপর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ তার বক্তব্যে ঢাকা ক্রেডিটের ৭২ বছরের গৌরবময় ইতিহাস গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রেসিডেন্ট বলেন, “বর্তমানে প্রতিষ্ঠানে ১,২০০’র অধিক জন কর্মী কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে আরও ১,০০০ জনের কর্মসংস্থান তৈরির প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট।”
নবনির্মিত প্রার্থনা গৃহটি পবিত্র জল সিঞ্চন করে ও ফিতা কেটে প্রার্থনাগৃহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। - ডিসিনিউজ
