লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লী বনপাড়াতে অনুষ্ঠিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস

বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ১৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।

এ শিশু মঙ্গল দিবসের মূলসুর ছিল, “ভোজসভায় সবাইকে নিমন্ত্রণ জানাও”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত শিশু ও এনিমেটরসহ প্রায় ১৩০ জন অংশগ্রহন করেন। 

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবস আরম্ভ করা হয়। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন  ফাদার দিলীপ এস. কস্তা এবং তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন কয়েকজন ফাদার ।

ফাদার পিউস গমেজ বলেন, “আজকে শিশুমঙ্গল দিবসের মূলসুর হলো, “ভোজসভায় সবাইকে নিমন্ত্রণ জানাও”।

এই মূলসুরের পরিপ্রেক্ষিতে ফাদার তাঁর নিজের জীবন সহভাগিতা করে বলেন, “এসো ধর্ম শিখি এবং বিশ্বাসে বেড়ে উঠি”। তিনি আরো বলেন, “এই ভোজসভার অর্থ হলো আমরা যেন পবিত্র খ্রিস্টযাগ এবং বাণী পাঠের মাধ্যমে যিশুর সাথে ভোজসভায় অংশগ্রহণ করি।”

পরে মূলসুরের উপর সহভাগিতা করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি তাঁর সহভাগিতায় বলেন, “আমাদের সবাইকে প্রভুর ভোজে আমন্ত্রণ জানাতে হবে।”

তিনি আরো বলেন, “যিশু শিশুদেরকে আহ্বান করেছেন যেন তারা তাঁর সাথে পথ চলতে পারে। আর পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করে আমরা পরস্পেরের সাথে একাত্ম হতে পারি।”

পরিশেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত  ফাদার দিলীপ এস. কস্তা সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবসের সমাপ্তি ঘোষণা করেন। - শিবলাল মার্ডী

Bengali pop up image