সিবিসিবি’র পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জয়লাভ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী (সিবিসিবি’র) পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি'র) জয়লাভ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিএনপি'র এই নিরঙ্কুশ বিজয়ের সংবাদে বাংলাদেশের খ্রিস্টান সমাজের পক্ষ থেকে আপনাকে ও আপনার মাধ্যমে নির্বাচনে আপনাদের দলের বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই বলেন, “আমরা বিশ্বাস করতে চাই, যে কোন অবস্থায় দেশকে প্রথম স্থানে রেখে আপনাদের দল দেশের পিছিয়ে পড়া ও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগী হয়ে তাদের জীবনমান উন্নয়নে সহায়তা দান সহ স্বস্তি, নিরাপত্তা ও আশার আশ্রয়স্থল হবে।”
তিনি আরও বলেন, “সংখ্যার দিক থেকে আমরা খ্রিস্টানগণ বাংলাদেশে কম হলেও দেশের ও দশের উন্নয়নে আমরা সবসময়ই বিশেষ অবদান রেখে চলেছি। সে ধারা অব্যাহত রেখে আমাদের অবস্থান থেকে সুশিক্ষা, স্বাস্থ্য-সেবা, উন্নয়ন ও গঠনমূলক কাজ এবং দীন-দরিদ্র মানুষের সেবা-কার্যক্রমে আমাদের অংশগ্রহণ আপনার হাতকে শক্তিশালী করবে বলে আশা করছি।”
“দীর্ঘ সময় পর দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে অংশগ্রহণ করেছেন-এটি আমাদের সকলের জন্য আনন্দ ও আশাবাদের বিষয়,” বলেন আর্চবিশপ ডি’ক্রুজ ।
তিনি আরও বলেন, “পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি আপনাদেরকে প্রজ্ঞা, সততা ও সাহস দান করুন, যাতে আপনারা দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করতে পারেন এবং জাতিকে ধীরে ধীরে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হন।”
আপনাদের নতুন কর্মদায়িত্ব ও নেতৃত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। - আর্চবিশপ বিজয় এন ডি'ক্রুজ, ওএমআই