ভিয়েতনামের ক্যাথলিক আলোকচিত্রীর ক্যামেরায় উঠে আসছে বিশ্বাসের চিত্র
ভিয়েতনামের ক্যাথলিক আলোকচিত্রী অ্যান্থনি ফাম তান, দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তগুলোর মধ্য দিয়ে ক্যাথলিক বিশ্বাস ও মণ্ডলীর জীবনকে আলোকচিত্রে তুলে ধরছেন।
তাঁর ছবিতে স্থান পেয়েছে সাধারণ মানুষের প্রার্থনা, উপাসনা, উপাসনা উদ্যাপন এবং বিশ্বাসের নানা অভিব্যক্তি। পাশাপাশি তিনি তরুণ ও মণ্ডলির বিভিন্ন সম্প্রদায়কে আলোকচিত্র ও গণমাধ্যমবিষয়ক দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিচ্ছেন।
উত্তর ভিয়েতনামের বুই চু ধর্মপ্রদেশের সা চাউ ধর্মপল্লিতে জন্মগ্রহণ করেন ফাম। বর্তমানে তিনি হ্যানয়ে বসবাস করেন এবং ধর্মপ্রদেশের গণমাধ্যম কার্যক্রম ও ক্যাথলিক আলোকচিত্রীদের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করেন।
তাঁর আলোকচিত্রের বিশেষত্ব হলো, সাজানো দৃশ্য বা কৃত্রিম সৌন্দর্যের পরিবর্তে তিনি বিশ্বাসের স্বাভাবিক ও বাস্তব মুহূর্তগুলোকে গুরুত্ব দেন। ভোরের আলো ফোটার আগেই গির্জায় আসা প্রবীণ ধর্মবিশ্বাসী কিংবা হাতে জপমালা নিয়ে প্রার্থনায় মগ্ন উপাসকদের ছবি তাঁর কাজের অন্যতম দৃষ্টান্ত। তাঁর কাছে আলোকচিত্র কেবল ছবি তোলার কৌশল নয়; বরং বিশ্বাসের অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সাক্ষাতের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের একটি মাধ্যম।
চলচ্চিত্রভিত্তিক আলোকচিত্রের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হলেও পরবর্তী সময়ে তিনি ক্যাথলিক মণ্ডলীর জীবনকে আলোকচিত্রে ধারণ করার প্রতি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন। আলোকচিত্রের পাশাপাশি তিনি উত্তর ভিয়েতনামের বিভিন্ন মণ্ডলীতে গণমাধ্যমবিষয়ক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করেন।
এছাড়া মান্ডলীক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি তার ক্যামেরায় অনেক চিত্র তিনি ধারন করেন।
উল্লেখ্য ২০২২ খ্রিস্টাব্দে, হ্যানয়ের সেন্ট জোসেফ ক্যাথিড্রালে তিনি ‘দ্য শাওয়ার অব মাদারলি লাভ’ (The Shower of Motherly Love) শীর্ষক একটি দাতব্য আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। প্রদর্শনীতে আলোকচিত্র বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের সহায়তায় দান করা হয়।
আলোকচিত্রী হিসেবে স্বাধীনভাবে কাজ করার কারণে আর্থিক অনিশ্চয়তা থাকলেও ফাম তাঁর কাজের মাধ্যমে বিশ্বাসের সত্যিকারের অভিজ্ঞতা তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমি সবচেয়ে সুন্দর ছবি খুঁজছি না; আমি খুঁজছি সবচেয়ে খাঁটি মুহূর্তগুলো।”
তিনি আরও বলেন, “আমার কাছে আলোকচিত্র কেবল আলো, ক্যামেরা কিংবা কৌশলের বিষয় নয়। এটি নির্ভর করে আমরা কার সঙ্গে সাক্ষাৎ করেছি, কী দেখেছি এবং আগামী দিনের জন্য কী সংরক্ষণ করেছি তার ওপর।”
আলোকচিত্র ধারণ এবং নতুন প্রজন্মের আলোকচিত্রীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে অ্যান্থনি ফাম তান ভিয়েতনামের স্থানীয় মণ্ডলীগুলোর জীবন, বিশ্বাস ও ধর্মীয় উদ্যাপনের অভিজ্ঞতা সংরক্ষণে অবদান রাখছেন। তাঁর এই কাজ এশিয়ার মণ্ডলীর জীবন ও বিশ্বাসের চিত্র বৃহত্তর পরিসরে তুলে ধরতে সহায়তা করছে। - আরভিএ সংবাদ ।
