মহিপাড়া সাধু আন্তনী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন
গত ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মহিপাড়া সাধু আন্তনী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পালকীয় সম্মেলন।
এ সম্মেলনের মূলসুর ছিল, “খ্রিস্ট বিশ্বাসে আমরা প্রেরিত: হায়রে আমি মঙ্গলবাণী যদি না প্রচার করি’’। এতে মহিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮৫ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুরমু, ফাদার সুশান্ত ডি’কস্তা, মহিপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী, সহকারী পাল-পুরোহিত ফাদার অনু যোয়াকিম গমেজ এবং ধর্মপল্লীতে কর্মরত সিস্টারগণ।
সম্মেলনে উপস্থিত ফাদারগণ তাদের বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন। ‘‘সিনোডাল মণ্ডলী: একসাথে পথ চলা’’ প্রতিপাদ্যের উপর সহভাগিতা করেন ফাদার সুশান্ত ডি’কস্তা।
তিনি বলেন, “মণ্ডলীর পালকীয় সেবাকাজে আমাদের সকলকে একসাথে পথ চলতে হবে। তবেই মণ্ডলী হবে প্রাণবন্ত।”
এরপর পালকীয় সম্মেলনের মুলসুর “খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: হায়রে আমি মঙ্গলবাণী যদি প্রচার না করি’’ এর উপর আলোচনা করেন ফাদার উইলিয়াম মুরমু।
তিনি বলেন, “মঙ্গলবাণী প্রচার প্রভু যিশুর একটি চলমান ক্রিয়া। তবে এই মঙ্গলবাণী প্রচারের দায়িত্ব শুধু ফাদার-সিস্টাদের নয়। খ্রিস্টবিশ্বাসী হিসেবে আমরা সকলেই এই মঙ্গলবাণী প্রচারের জন্য মনোনীত।”
পরিশেষে গ্রামভিত্তিক নির্দিষ্ট প্রশ্নের আলোকে দলীয় আলোচনা করা হয়। ফলপ্রসূ দলীয় আলোচনার শেষে পাল পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরীর পরিচালনায় ধর্মপল্লীর বিভিন্ন বিষয়ভিত্তিক পালকীয় কার্যক্রম ও চ্যালঞ্জসমূহকে প্রাধান্য দিয়ে সম্মিলিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। - ফাদার অনু যোয়াকিম গমেজ
