বাংলাদেশ কাথলিক শিক্ষার অগ্রযাত্রায় নতুন উদ্যোগ (সিবিসিবি) কর্তৃক ‘কাথলিক শিক্ষা রবিবার’ ঘোষণা
গত ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সিবিসিবি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে কাথলিক শিক্ষার বিস্তার, সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী (সিবিসিবি) ও বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড যৌথভাবে ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দকে ‘কাথলিক শিক্ষা রবিবার’ হিসেবে ঘোষণা করেছে।
বাংলাদেশে এই প্রথমবারের মতো বিশেষভাবে ‘কাথলিক শিক্ষা রবিবার’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কাথলিক শিক্ষা রবিবারের তাৎপর্য ও উদ্দেশ্য তুলে ধরতে পোস্টার, লিফলেট ও বিশেষ প্রার্থনা পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এই সময় বাংলাদেশের সকল আর্চবিশপ ও বিশপ এবং বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাথলিক শিক্ষা রবিবারের মূল উদ্দেশ্য হলো দেশে কাথলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও উন্নত করা, গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং খ্রিষ্টীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও শক্তিশালী করা।
এ উপলক্ষে গত রবিবার দেশের সকল কাথলিক শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা ও খ্রিষ্টবিশ্বাসী সম্প্রদায়ের প্রতি কাথলিক শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়েছে।
কাথলিক শিক্ষা কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়; বরং নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ, মূল্যবোধ ও সেবার আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তাই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সক্ষম করে তুলতে কাথলিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সকলের সম্মিলিত প্রার্থনা, সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম ‘কাথলিক শিক্ষা রবিবার ২০২৬’ উদযাপন সফল ও ফলপ্রসূ হোক—এটাই সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা। - নিউটন মন্ডল
