স্বর্গীয় আর্চবিশপ মজেস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী ধর্মপ্রদেশ
গত ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার মঠবাড়িস্থ সাধু অগাস্টিন ধর্মপল্লীর প্রাঙ্গণে এপিসকপাল যুব কমিশনের আয়োজনে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো স্বর্গীয় আর্চবিশপ মজেস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ।
একদিনের এই ফুটবল টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী ধর্মপ্রদেশ ফুটবল দল।
টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের দক্ষতা, শৃঙ্খলা, দলীয় ঐক্য ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এপিসকোপাল যুব কমিশনের সভাপতি পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাস গমেজ এবং যুব সমন্বয়কারী ও সেক্রেটারিগন। এ ছাড়া বিভিন্ন ধর্মপ্রদেশের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ, অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্টের শুরু থেকেই রাজশাহী ধর্মপ্রদেশের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়াশৈলী, দলীয় সমন্বয়, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের পরিচয় দেন। প্রথম ম্যাচে খুলনা ধর্মপ্রদেশকে ৪–০ গোলে পরাজিত করে রাজশাহী দল জয়যাত্রা শুরু করে।
এরপর সেমিফাইনালে ময়মনসিংহ ধর্মপ্রদেশকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। পরে ফাইনাল খেলায় রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিপক্ষ ছিল দিনাজপুর ধর্মপ্রদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় রাজশাহী দল ২–০ গোলে দিনাজপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তিনটি ম্যাচেই জয়লাভ করে রাজশাহী ধর্মপ্রদেশের এই শিরোপা অর্জন খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দলীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়নশিপ অর্জন রাজশাহী ধর্মপ্রদেশের ক্রীড়াঙ্গনে এক আনন্দময় ও গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। এ বিজয়ে খেলোয়াড়, প্রশিক্ষক, আয়োজক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের প্রতিযোগিতা যুবকদের শেখায়—জয়-পরাজয় জীবনেরই অংশ; তবে ঐক্য, শৃঙ্খলা, সততা ও ইতিবাচক মনোভাবই প্রকৃত সাফল্যের ভিত্তি।
যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও আন্তঃধর্মপ্রদেশীয় বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করে এপিসকোপাল যুব কমিশন। এমন উদ্যোগ তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সমাজ, মন্ডলী ও দেশের জন্য দায়িত্বশীল, মানবিক ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে। - আরভিএ সংবাদ
