এফএবিসির ‘সেতু ও সেতুবন্ধনকারী’ হওয়ার আহ্বান

এফএবিসির ‘সেতু ও সেতুবন্ধনকারী’ হওয়ার আহ্বান

এশিয়ার বিশপ সম্মেলনগুলোর ফেডারেশন (FABC) ২৬ জুলাই ১২তম প্লেনারি অ্যাসেম্বলির সমাপ্তিতে “তোমরা আরও বৃহত্তর বিষয়ের সাক্ষী হবে”  (যোহন ১:৫০) শীর্ষক চূড়ান্ত বার্তা প্রকাশ করে এশিয়ার মন্ডলীগুলিকে ‘সেতু ও সেতুবন্ধনকারী’ হয়ে ওঠার আহ্বান জানান।

জাকার্তার ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি অফ দ্য অ্যাসাম্পশনে সমাপনী খ্রীষ্টযাগ উদযাপন শেষে মহাধর্মপাল গিলবার্ট আরমিয়া গার্সেরা বার্তাটি পাঠ করেন। এফএবিসির সভাপতি কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাঁও অ্যাসেম্বলির সদস্যদের পক্ষ থেকে এতে স্বাক্ষর করেন।

বার্তায় বলা হয়েছে, সিনোডালিটি কেবল একসঙ্গে কাজ করা মানে পদ্ধতি নয়; এটি মিশনের উদ্দেশ্যে অন্তরের রূপান্তরের পথ। প্রার্থনা, নীরবতা, পারস্পরিক শ্রবণ এবং পবিত্র আত্মার অনুপ্রেরণায় পারস্পরিক সংলাপ -এর মাধ্যমে বিশপরা উপলব্ধি করেন যে, এশিয়ার সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যের মধ্যে মন্ডলীগুলিকে সেতুবন্ধনের ভূমিকা পালন করতে হবে।

বার্তায় মেরুকরণ, অভিবাসন, পরিবেশ সংকট, অর্থনৈতিক বৈষম্য, গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া এবং প্রযুক্তির দ্রুত বিকাশকে এশিয়ার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এগুলোকে শুধু সংকট নয়, বরং শিক্ষা, আন্তঃধর্মীয় সংলাপ, মানবিক মর্যাদা, সংহতি এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সুসমাচারের সাক্ষ্য দেওয়ার নতুন সুযোগ বলেও তুলে ধরা হয়েছে।

বিশপরা মন্ডলীর অভ্যন্তরে ক্লেরিক্যালিজমকে একটি বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করে আরও বেশি শ্রবণ, যৌথ বিচক্ষণতা ও সেবামূলক নেতৃত্বের আহ্বান জানান। তাঁরা স্মরণ করিয়ে দেন, খ্রীষ্ট নিজেই ঈশ্বর ও মানবজাতির মধ্যে ‘জীবন্ত সেতু’, তাই তাঁর অনুসারীদেরও সর্বত্র সেতুবন্ধনকারী হতে হবে।

বার্তায় জাকার্তার ‘টানেল অফ ফ্রেন্ডশিপ’-এর অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে, যা ক্যাথেড্রাল ও ইস্তিকলাল মসজিদকে সংযুক্ত করেছে। বিশপদের মতে, এটি বিশ্বাসের এমন এক প্রতীক, যা সবার মধ্যে প্রাচীর নয়, সেতু নির্মাণে উদ্বুদ্ধ করে।

সমাপনী বার্তায় বিশপরা প্রতিশ্রুতি দেন যে, তাঁরা নিজ নিজ স্থানীয় মন্ডলীতে ফিরে গিয়ে গভীরভাবে শ্রবণ করবেন, দরিদ্র ও দুর্বলদের পাশে দাঁড়াবেন, পরিবেশগত রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবেন এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সঙ্গে সত্য, ন্যায়, শান্তি ও অভিন্ন মানবকল্যাণের জন্য একযোগে কাজ করবেন।

প্রতিবেদনরেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদ -  তেরেসা রোজারিও

Bengali pop up image