মিডিয়ার স্ক্রিনের বাইরে ও মানবিক সম্পর্ক গড়ার আহ্বান: ফিলিপাইনের যোগাযোগ বিশেষজ্ঞ
ফিলিপাইনের ম্যানিলায় আরভিএ ‘র প্রধান শাখায়, এফএবিসি সামাজিক যোগাযোগ কমিশন (FABC-OSC) এবং রেডিও ভেরিতাস এশিয়া (RVA) এর আয়োজনে শুরু হয়েছে “এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি উদ্যোগক্তা অ্যাসেম্বলি ”২০২৬ খ্রিস্টাব্দ।
উক্ত এই অ্যাসেম্বলির প্রতিপাদ্য বিষয় হলো “উদ্যোগক্তা থেকে সাক্ষী: এশিয়ায় ডিজিটাল মিশনের জন্য সিনোডাল পথ।”
উক্ত এই অ্যাসেম্বলির পূর্বে ফিলিপাইনের যোগাযোগ বিশেষজ্ঞ ও চলচ্চিত্র নির্মাতা পাই মাবান্তা-ফেনোমেনো রেডিও ভেরিতাসকে দেওয়া এক সাক্ষাৎকার কালে তার অভিমত ব্যক্ত করে বলেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যম বাণী প্রচারের সাথে সাথে যেন মানুষের সাথে সংঙ্গতিপূর্ণ সম্পর্ক বজায় রাখার সুযোগ সৃষ্টি করার প্রবেশদ্বার হিসেবে কাজ করে।
তিনি আরো বলেন,“ সামাজিক যোগাযোগমাধ্যম সাধারণ মানুষকে শুধু তথ্য গ্রহণের সুযোগই দেয় না, বরং নিজেদের ভাবনা প্রকাশ, অংশগ্রহণ ও সংলাপে যুক্ত হওয়ার সুযোগও করে দিয়েছে।”
তবে তিনি সতর্ক করে বলেন, সহজতর ডিজিটাল কনটেন্টের ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষকে অগভীর, অধৈর্য ও সহজে প্রভাবিত হওয়ার মতো করে তুলতে পারে। তাই ডিজিটাল যোগাযোগের লক্ষ্য হওয়া উচিত মানুষকে মিডিয়ার বাইরে নিয়ে গিয়ে বাস্তব জীবনের অর্থবহ সম্পর্ক ও সংলাপে যুক্ত করা।
এছাড়া তিনি মণ্ডলীর গণমাধ্যমকর্মী ও তরুণদের শুধু ‘লাইক’, অনুসারী বা ভাইরাল হওয়ার পেছনে না ছুটে সত্য, ন্যায়, শান্তি ও মানবমর্যাদা রক্ষায় যোগাযোগমাধ্যম ব্যবহার করার আহ্বান জানান।
মাবান্তা-ফেনোমেনো আরও বলেন, ডিজিটাল যোগাযোগকারীদের উচিত প্রান্তিক ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরা এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। তাঁর মতে, যোগাযোগ কেবল আত্মপ্রকাশের মাধ্যম নয়; এটি সত্য, ন্যায়, শান্তি এবং সৃষ্টির অখণ্ডতা রক্ষার একটি দায়িত্বও।
তিনি আরো বলেন “শুধু বাণিজ্যিক কনটেন্ট নির্মাতা হয়ে প্রশংসা কুড়ানোর পেছনে ছুটে গিয়ে সন্তুষ্ট থাকবেন না। বরং এশিয়াজুড়ে যেন মানুষের মাঝে “জীবন্ত ঈশ্বরের মুখ” পরিচিত ও প্রত্যক্ষভাবে অনুভূত হয়, সে লক্ষ্যে নিজেদের যোগাযোগ দক্ষতাকে কাজে লাগানোর জন্য তিনি ক্যাথলিক যোগাযোগকর্মীদের প্রতি আহ্বান জানান।
মাবান্তা-ফেনোমেনো বর্তমানে SIGNIS Philippines-এর সভাপতি এবং SIGNIS Asia-এর নির্বাচিত বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি Communication Foundation for Asia-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মণ্ডলীর গণমাধ্যমকর্মী ও তরুণদের জন্য আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন।
উক্ত এই অ্যাসেম্বলির লক্ষ্য হলো এশিয়ার ক্যাথলিক ডিজিটাল যোগাযোগকর্মীদের কেবল প্রভাব ও দৃশ্যমানতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও সহযোগিতামূলক ও সিনোডাল ডিজিটাল মিশনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা।
উল্লেখ্য যে, সেপ্টেম্বর ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, পযর্ন্ত ফিলিপাইনের ম্যানিলায় আরভিএ ‘র প্রধান শাখায় ,এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারিদের অংশগ্রহণে এই অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে। আরভিএ সংবাদ।
