'মুখোমুখি আলোচনা'য়, এফএবিসি প্রতিনিধিরা অন্বেষণ করেন, আঞ্চলিক স্তরে সিনোডাল সহযোগিতা

আঞ্চলিক স্তরে সিনোডাল সহযোগিতার লক্ষ্যে 'মুখোমুখি' আলোচনা এফ এ বি সি প্রতিনিধিদের।

বিগত ২৫ শে জুলাই, এশীয় বিশপ সম্মেলন ফেডারেশনের (এফএবিসি) দ্বাদশ পূর্ণাঙ্গ অধিবেশনে বিশপ ও প্রতিনিধিগণ আঞ্চলিক সম্পর্ক জোরদার করার দিকে মনোনিবেশ করেন এবং এশিয়া জুড়ে স্থানীয় মণ্ডলীগুলো কীভাবে তাদের সম্পর্ক আরও গভীর করতে ও সম্মিলিতভাবে মণ্ডলীর সিনোডাল মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারে, তা খতিয়ে দেখেন।

এশিয়ায় সিনোডালিটির জন্য একটি নির্দেশিকা প্রণয়নের বিষয়ে সমাবেশের এদিন সকালের অধিবেশনের পর আঞ্চলিক আলোচনা অনুষ্ঠিত হয়, যা মহাদেশব্যাপী চিন্তাভাবনা থেকে মনোযোগ সরিয়ে এশিয়ার বিভিন্ন অঞ্চলের যাজকীয় বাস্তবতার দিকে নিয়ে যায়।

সভাপতি আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ, ওএমআই, অধিবেশনটি পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের ধর্মতাত্ত্বিক চিন্তাভাবনা থেকে বাস্তব সহযোগিতার দিকে এগিয়ে যেতে আহ্বান জানান। প্রতিনিধিরা তাদের নিজ নিজ স্থানীয় মণ্ডলীগুলোর সম্মুখীন হওয়া সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করার জন্য মধ্য ও পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া—এই তিনটি আঞ্চলিক দলে বিভক্ত হয়েছিলেন।

পূর্ণাঙ্গ অধিবেশনগুলোর বিপরীতে, আঞ্চলিক সমাবেশগুলো বিশপদেরকে অভিন্ন যাজকীয়, সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে চিন্তা-ভাবনা করার পাশাপাশি নিজ নিজ অঞ্চলের মধ্যে সহযোগিতা গভীর করার বাস্তবসম্মত উপায় শনাক্ত করতে সক্ষম করেছে।

প্রতিটি দল একই নির্দেশক প্রশ্নটি বিবেচনা করেছিল: আমাদের অঞ্চলের স্থানীয় গির্জাগুলোর মধ্যে সম্পর্ক কীভাবে শক্তিশালী করা যায়, অর্থপূর্ণ সিনোডাল সেতু কীভাবে নির্মাণ করা যায় এবং আমাদের অভিন্ন লক্ষ্যে সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায়?

প্রশ্নটি এশিয়ার বৈচিত্র্যময় সমাজে সেতুবন্ধনকারী একটি মণ্ডলী হয়ে ওঠার সমাবেশের মূল ভাবনারই প্রতিধ্বনি করেছিল। অংশগ্রহণকারীরা শুধুমাত্র মণ্ডলীর অভ্যন্তরীণ কাঠামোর উপর মনোযোগ না দিয়ে, কীভাবে স্থানীয় মণ্ডলীগুলো ডায়োসিস, জাতীয় এবং সাংস্কৃতিক সীমানা পেরিয়ে আরও কার্যকরভাবে একে অপরকে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা করেন।

সপ্তাহজুড়ে পূর্ণাঙ্গ অধিবেশনকে রূপদানকারী ‘আত্মার কথোপকথন’ পদ্ধতি অনুসরণ করে আলোচনাগুলো অনুষ্ঠিত হয়েছিল। দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর উদ্দেশ্যে করা বিতর্ক বা খোলামেলা মতবিনিময়ের পরিবর্তে, অংশগ্রহণকারীরা প্রার্থনাপূর্ণ শ্রবণ এবং সম্মিলিত বিচার-বিবেচনার একটি সুসংগঠিত প্রক্রিয়ায় নিযুক্ত ছিলেন।

প্রতিটি আঞ্চলিক দলের সাথে একজন সম্ময়কারী ছিলেন, যিনি নিশ্চিত করেন যে প্রত্যেক অংশগ্রহণকারী যেন কথা বলার সমান সুযোগ পান। অন্যদিকে, একজন সচিব আলোচনাটি রেকর্ড করেন এবং একটি লিখিত সারসংক্ষেপ প্রস্তুত করেন। সারসংক্ষেপগুলো, আলোচনার নোটসহ, একটি যৌথ অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল, যাতে প্রতিনিধিরা একে অপরের মতামত থেকে উপকৃত হতে পারেন।

এই পদ্ধতির একটি প্রধান বৈশিষ্ট্য ছিল প্রত্যেক অংশগ্রহণকারীর কথা বলার পর নীরবতা পালন করা। এই নীরবতার মুহূর্তগুলো কেবল একটি সাধারণ বিরতি হিসেবে কাজ না করে, বরং পরবর্তী ব্যক্তি তার বক্তব্য শুরু করার আগে অংশগ্রহণকারীদেরকে শোনা কথাগুলো নিয়ে প্রার্থনা সহকারে চিন্তা করার সুযোগ দিত।

এই পদ্ধতিটি সিনডের এই দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে যে, প্রকৃত বিচার-বিবেচনা শোনার মাধ্যমেই শুরু হয়। মতামত রক্ষা করা বা অন্যদের প্রভাবিত করার চেষ্টার পরিবর্তে, অংশগ্রহণকারীদের দলের মধ্যে ভাগ করে নেওয়া অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির মাধ্যমে পবিত্র আত্মার কার্যকলাপকে উপলব্ধি করতে উৎসাহিত করা হয়েছিল।

অঞ্চল অনুসারে আলোচনাগুলো সংগঠিত করার মাধ্যমে এশিয়ায় মণ্ডলীর বৈচিত্র্যকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। মধ্য ও পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার যাজকীয় বাস্তবতাগুলো তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপটের কারণে উল্লেখযোগ্যভাবে ভিন্ন।

এই আঞ্চলিক প্রেক্ষাপটে একে অপরের কথা শোনার মাধ্যমে অংশগ্রহণকারীরা সাধারণ যাজকীয় অগ্রাধিকারগুলো চিহ্নিত করার চেষ্টা করেন এবং একই সাথে সহযোগিতা, পারস্পরিক সমর্থন ও যৌথ মিশনারি উদ্যোগের নতুন সুযোগ অন্বেষণ করেন।

আলোচনাগুলো থেকে প্রতীয়মান হয় যে, সিনোডালিটি কেবল ধর্মতাত্ত্বিক চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মণ্ডলীর বাস্তব জীবন পর্যন্তও বিস্তৃত। প্রতিনিধিরা উপলব্ধি করেন যে, একটি সিনোডাল মণ্ডলী গড়ে তোলার অর্থ হলো প্রতিবেশী মণ্ডলীগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা এবং আস্থা, সংলাপ ও যৌথ দায়িত্বের উপর ভিত্তি করে সহযোগিতার জাল তৈরি করা।

সমাবেশ চলতে থাকার সাথে সাথে, আঞ্চলিক আলোচনাগুলো এর অন্যতম প্রধান একটি বিষয়কে আরও শক্তিশালী করেছে: এশিয়ার মণ্ডলী তখনই আরও কার্যকর সেতুবন্ধনকারী হয়ে উঠবে, যখন এর স্থানীয় মণ্ডলীগুলো বিচ্ছিন্নভাবে নয়, বরং একত্রে পথ চলবে, পরস্পরের কাছ থেকে শিখবে এবং সহভাগিতার সাথে পবিত্র আত্মার নির্দেশনা অনুধাবন করবে। প্রতিবেদন - আমাদিয়া প্রাণাস্তিতি l অনুবাদ - অতনু দাস।

Tags
Bengali pop up image