রাজপথে বিশ্বাস: মেঘালয়ে ইউক্যারিস্টিক শোভাযাত্রায় হাজার হাজার মানুষের যোগদান
৮ই নভেম্বর, রবিবার, তুরা ধর্মপ্রদেশের বার্ষিক ইউক্যারিস্টিক শোভাযাত্রা উপলক্ষে গারো পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্যাথলিক বিশ্বাসী তুরায় সমবেত হন। পবিত্র সাক্রামেন্টের প্রতি ভক্তি ও বিশ্বাসের প্রকাশ্য সাক্ষ্য দেন তাঁরা।
পবিত্র অনুষ্ঠানটি শুরু হয় চাঁদমারির সেক্রেড হার্ট চার্চে পবিত্র খ্রীষ্টযাগ উদযাপনের মাধ্যমে, তারপর তুরার রাজপথে ইউক্যারিস্টিক তথৃণ পবিত্র সাক্রামেন্টশোভাযাত্রা বের হয়।
তুরার সহকারী বিশপ মহামান্য যোসে চিরাক্কাল শোভাযাত্রার নেতৃত্ব দেন। তিনি একটি গাড়িতে স্থাপিত মনস্ট্রান্সে পবিত্র সাক্রামেন্ট বহন করেন। যাজক, ধর্মব্রতী, বেদি সেবক এবং সাদা পোশাক পরিহিত শিশুরা শোভাযাত্রায় সঙ্গী হন, আর হাজার হাজার বিশ্বাসী প্রার্থনা ও ভজন গানের মাধ্যমে যোগ দেন।
শোভাযাত্রাটি ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল এবং চাঁদমারির অন্যান্য এলাকা পরিক্রমা করে সেক্রেড হার্ট চার্চে ফিরে আসে, যেখানে সমাপনী প্রার্থনার জন্য বিশ্বাসীগণ সমবেত হন।
তুরা ধর্মপ্রদেশ, শিলং মহাধর্মপ্রদেশের অধীন মেঘালয়ের তিনটি ক্যাথলিক ধর্মপ্রদেশের একটি, গারো পাহাড়ে ক্যাথলিক মণ্ডলীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এর প্রাথমিক ধর্মীয় ইতিহাস সম্প্রতি ভেনারেবল ঘোষিত ওরেস্তেস মারেঙ্গোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যিনি এর প্রথম অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে ধর্মপ্রদেশটির দায়িত্বে রয়েছেন মহামান্য বিশপ অ্যান্ড্রু মারাক, এর দ্বিতীয় বিশপ এবং বিশপ পদে উন্নীত প্রথম গারো। একজন ক্যাটেকিস্ট হিসেবে সেবা থেকে যাজক এবং অবশেষে বিশপ হওয়ার তাঁর যাত্রা স্থানীয় মণ্ডলীর বিকাশ এবং এই অঞ্চলে দেশীয় নেতৃত্বের উত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তুরা শহর এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্যারিশের বিশ্বাসীগণ বার্ষিক এই উদযাপনে অংশগ্রহণ করেন, যা গারো পাহাড়ের ক্যাথলিক সম্প্রদায়ের বিশ্বাস, ঐক্য ও ভক্তির এক দৃশ্যমান প্রকাশে রাজপথকে রূপান্তরিত করে।
বার্ষিক ইউক্যারিস্টিক শোভাযাত্রা ক্যাথলিক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ, যা ইউক্যারিস্টে খ্রীষ্টের বাস্তব উপস্থিতিতে মণ্ডলীর বিশ্বাসকে নিশ্চিত করে। আশীর্বাদপূর্ণ সাক্রামেন্টকে প্রকাশ্য রাজপথের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, বিশ্বাসীগণ খ্রীষ্টের প্রতি তাদের অঙ্গীকারকে নবায়ন করেন এবং তাদের গির্জার দেয়ালের বাইরেও তাদের বিশ্বাসের সাক্ষ্য বহন করেন। উত্তর-পূর্ব | সূত্র - NESCOM সংবাদ। অনুলিখন – চন্দনা রোজারিও
