‘জ্ঞান হোক প্রেরণা, সৃজনে পরিচয়’ প্রতিপাদ্যে ৪৫তম প্রতিভার অন্বেষণ শুরু

আজ ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকালে তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘের শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের ৪৫তম ‘প্রতিভার অন্বেষণ-২০২৬’-এর উদ্বোধন করা হয়।

‘জ্ঞান হোক প্রেরণা, সৃজনে পরিচয়; সংস্কৃতির আলোয় প্রতিভার উদয়’—এই মূলসূরকে সামনে রেখে অনুষ্ঠানে সংঘের সভাপতি এলেক্স গমেজ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

তেজগাঁও চার্চের পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজের অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার রিগ্যান পিউস কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা বার্থা গীতি বাড়ৈ। এ সময় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিযোগী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিভার অন্বেষণ কেবল পুরস্কার অর্জনের প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং সাংস্কৃতিক দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

এ আয়োজনের মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিযোগীদের সার্বিক সফলতা কামনা করেন অতিথিরা।

ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘের আয়োজনে ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিভার অন্বেষণ-২০২৬। প্রথম দিন ১৯ অক্টোবর শিশু শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত কবিতা আবৃত্তি, শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছড়াগান এবং শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

২০ অক্টোবর গল্প বলা, উন্মুক্ত ধারাবাহিক গল্প বলা, নির্ধারিত ও উপস্থিত বক্তৃতা, রবীন্দ্রসংগীত, আধুনিক গান ও গিটারসংগীত অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর থাকছে একক অভিনয়, সাধারণ জ্ঞান, দেয়াল পত্রিকা ও স্ক্র্যাপবুক, উন্মুক্ত ফটোগ্রাফি, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, যন্ত্রসংগীত ও তবলা, লোকগীতি এবং দলীয় সংগীত।

২২ অক্টোবর চিত্রাঙ্কন, একক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্যসহ বিশেষ আকর্ষণের আয়োজন রাখা হয়েছে। ২৩ অক্টোবর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও চ্যাম্পিয়নস নাইটের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।

সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি প্রতিযোগিতার ইভেন্ট শুরুর আগে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নিবন্ধনের সুযোগ থাকবে।

উল্লেখ্য, ১৯৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ খ্রিস্টান শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করে। একই বছরের ১৯ এপ্রিল সংগঠনটির প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদিত হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ খ্রিস্টাব্দে শুরু হয় ‘প্রতিভার অন্বেষণ’, যা বর্তমানে সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।

দীর্ঘ পথচলায় এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা রেখে চলেছে।

Bengali pop up image