বৈচিত্র্য থেকে মিলন: এফএবিসি কর্মকর্তাগণ তুলে ধরলেন, মুখোমুখি আলোচনার, মূল ফলাফল

এফএবিসির দ্বাদশ পূর্ণাঙ্গ অধিবেশন থেকে উপনীত: এশিয়ায় বৈচিত্রের মধ্যেও মণ্ডলীগুলো ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

ফেডারেশন অফ এশিয়ান বিশপস' কনফারেন্সেস (FABC)-এর দ্বাদশ পূর্ণাঙ্গ অধিবেশনের আলোচনা থেকে একটি চমকপ্রদ সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে: এশিয়ার ব্যাপক বৈচিত্র্য থাকা সত্ত্বেও, স্থানীয় মণ্ডলীগুলো ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে - যা মিলন, অংশগ্রহণ এবং ধর্মপ্রচারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

বিগত ২৫ শে জুলাই, ‘এমাউস এক্সপেরিয়েন্স’ নামে পরিচিত আঞ্চলিক বিচার-বিবেচনা অধিবেশনগুলোর পর, এফএবিসি-র সহযোগী সচিব এবং এর সিনোডালিটি কমিশনের নির্বাহী সচিব ফাদার ক্ল্যারেন্স দেবাদাস এই মূল অন্তর্দৃষ্টিটি প্রদান করেন।

ফাদার দেবাদাস বলেন, “আলোচনা থেকে এটা স্পষ্ট হয়েছে যে, আমাদের প্রেক্ষাপট ভিন্ন হলেও এশিয়া জুড়ে গির্জাগুলোর আকাঙ্ক্ষাগুলো আশ্চর্যজনকভাবে একই রকম। যা বিশেষভাবে চোখে পড়েছে তা হলো পার্থক্যগুলো নয়, বরং অভিন্নতা।”

মুখোমুখি আলোচনাগুলো সমাবেশের বিবেচনার পর্যায়গুলোর অংশ ছিল। প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দিনের আধ্যাত্মিক আলোচনার উপর ভিত্তি করে, অংশগ্রহণকারীরা তাদের স্থানীয় গির্জাগুলোর বাস্তবতা নিয়ে প্রার্থনা সহকারে চিন্তা করতে এবং সিনোডাল জীবনকে শক্তিশালী করার জন্য বাস্তবসম্মত অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য ও পূর্ব এশিয়ার মতো আঞ্চলিক দলগুলোতেও একত্রিত হয়েছিলেন।

বৈচিত্র্য যা একাত্মতা গড়ে তোলে

এশিয়ার সাংস্কৃতিক, ভাষাগত, জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যকে বাধা হিসেবে দেখার পরিবর্তে, প্রতিনিধিরা ধারাবাহিকভাবে এটিকে গির্জার অন্যতম শ্রেষ্ঠ উপহার হিসেবে চিহ্নিত করেছেন।

ফাদার দেবাদাস বলেন, “প্রতিনিধিরা উপলব্ধি করেছেন যে, ঐক্যের জন্য একরূপতার প্রয়োজন নেই। বরং, বৈচিত্র্যই সেই স্থান হয়ে ওঠে যেখানে সুসমাচারকে জীবন্ত করে তোলা হয় এবং সেতুবন্ধন নির্মিত হয়।”

আলোচনাগুলো এই বিষয়টি নিশ্চিত করেছে যে, এশিয়ায় সুসমাচার প্রচার প্রধানত সম্পর্কের মাধ্যমেই সমৃদ্ধি লাভ করে চলেছে। শ্রবণ, সঙ্গ দান, আতিথেয়তা এবং দৈনন্দিন সাক্ষ্যকে বারবার সুসমাচার প্রচারের জন্য মণ্ডলীর সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিনিধিরা মণ্ডলীর কার্যক্রমে সাধারণ মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের ওপরও আলোকপাত করেছেন এবং এমন একটি অধিকতর সহযোগিতামূলক মডেলের কল্পনা করেছেন, যেখানে নারী, তরুণ, পরিবার এবং সাধারণ নেতারা ধর্মীয় বিচার-বিবেচনা ও যাজকীয় জীবনে আরও পূর্ণাঙ্গ ভূমিকা পালন করবেন।

একইভাবে, শিক্ষা ও আন্তঃধর্মীয় সংলাপ এমন স্থায়ী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যা মহাদেশ জুড়ে শান্তি ও মানব উন্নয়নকে ক্রমাগত উৎসাহিত করে চলেছে।

প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে সৎ থাকুন

এই আলোচনাগুলো গির্জার মুখোমুখি হওয়া বাস্তবতাগুলোকে মোকাবেলা করার ইচ্ছাও প্রকাশ করেছে।

তিনটি অঞ্চলের অংশগ্রহণকারীরা সমাজে ক্রমবর্ধমান মেরুকরণ, আদর্শগত বিভাজন এবং সামাজিক বিচ্ছিন্নতাকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন। অভ্যন্তরীণভাবে, সিনোডালিটির পথে সবচেয়ে বেশি চিহ্নিত বাধাগুলোর মধ্যে - একটি হিসেবে যাজকতন্ত্র উঠে এসেছে।

ফাদার দেবাদাস বলেন, "সবচেয়ে জোরালো বিষয়গুলোর মধ্যে একটি ছিল খোদ মণ্ডলীর অভ্যন্তরেই রূপান্তরের প্রয়োজনীয়তা।" "অংশগ্রহণকারীরা বারবার বলেছেন যে, আমরা যদি যাজকতন্ত্রকে অতিক্রম করে বাপ্তিস্মে প্রোথিত যৌথ দায়িত্বের দিকে অগ্রসর না হই, তবে সিনোডালিটি বিকশিত হতে পারে না।"

অভিবাসন আরেকটি পুনরাবৃত্ত উদ্বেগের বিষয় ছিল, যা এশিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সংস্কৃতির দ্রুত বিকাশের পাশাপাশি পারিবারিক জীবন, জনসংখ্যাগত পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য, পরিবেশগত অবক্ষয় এবং দুর্বল জনগোষ্ঠীর প্রান্তিকীকরণ সম্পর্কিত উদ্বেগগুলোও তুলে ধরা হয়।

একটি সম্মিলিত দিক নির্দেশনা

যদিও প্রতিবন্ধকতাগুলো বিভিন্ন ধরনের ছিল, আলোচনাগুলো ধারাবাহিকভাবে অভিন্ন সমাধানের দিকেই এগিয়েছে।

ফাদার দেবাদাস বলেন, “প্রতিনিধিরা খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে, সিনোডালিটি একটি কাঠামোতে পরিণত হওয়ার আগে এটি সর্বাগ্রে একটি আধ্যাত্মিকতা। নিরন্তর রূপান্তর ছাড়া কোনো কাঠামোগত সংস্কারই টেকসই হবে না।”

অংশগ্রহণকারীরা আরও বেশি গঠনমূলক প্রশিক্ষণ, অংশগ্রহণ এবং যৌথ দায়িত্বের মাধ্যমে প্রত্যেক দীক্ষিত ব্যক্তিকে তাদের মিশনারি ব্রত আরও পূর্ণরূপে পালনে সক্ষম করার আহ্বান জানিয়েছেন।

তারা যাজকীয় কাঠামো নবায়ন, নেতৃত্ব গঠনে বিনিয়োগ এবং নিরন্তর সঙ্গদানেরও সুপারিশ করেছেন, যাতে সিনোডাল প্রথাগুলো ডায়োসিস ও প্যারিশগুলোর দৈনন্দিন জীবনে প্রোথিত হয়।

এক মণ্ডলী, এক স্বপ্ন

ফাদার দেবাদাসের মতে, আঞ্চলিক আলোচনাগুলোর তাৎপর্য কেবল সেগুলোর মাধ্যমে সৃষ্ট বাস্তবসম্মত প্রস্তাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেগুলোর মাধ্যমে প্রকাশিত ঐক্যের মধ্যেও নিহিত।

প্রতিনিধিরা দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসী ধর্মপ্রচার, দক্ষিণ এশিয়ায় ধর্মীয় জাতীয়তাবাদ, কিংবা মধ্য ও পূর্ব এশিয়ার ছোট ও বিক্ষিপ্ত মণ্ডলীগুলোর বাস্তবতা—যে বিষয়েই কথা বলুন না কেন, তাঁরা ধারাবাহিকভাবে একতাবদ্ধ মণ্ডলীর একই দৃষ্টিভঙ্গিতে ফিরে এসেছেন।

ফাদার দেবাদাস বলেন, “আঞ্চলিক আলোচনাগুলো নিশ্চিত করেছে যে, সিনোডালিটিকে এখন আর কেবল ভাবনার একটি বিষয় হিসেবে দেখা হয় না। এশিয়া জুড়ে, এটিকে ক্রমশ মণ্ডলী হিসেবে টিকে থাকার একটি উপায় হিসেবে বোঝা হচ্ছে – যা বৈচিত্র্য, জটিলতা এবং আশা দ্বারা চিহ্নিত সমাজে আমাদেরকে প্রকৃত সেতুবন্ধনকারী হতে প্রস্তুত করে।”

এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশন যখন তার চূড়ান্ত বার্তা প্রস্তুত করছে এবং এশিয়ার জন্য সিনোডালিটি ভ্যাডেমিকামের অর্থাৎ ব্যবহারিক নির্দেশিকার খসড়া প্রণয়ন সম্পন্ন করছে, তখন আঞ্চলিক আলোচনাগুলো প্রমাণ করেছে যে এই মহাদেশের সর্ববৃহৎ বৈচিত্র্যই হয়তো এর গভীরতম ঐক্যের ভিত্তি। প্রতিবেদন – আরভিএ সংবাদ। অনুবাদ – অতনু দাস।

Tags
Bengali pop up image