চট্টগ্রাম আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো কাটেখিস্ট ও প্রার্থনা পরিচালকদের প্রশিক্ষণ
গত ৮ থেকে ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বান্দরবান ফিয়াৎ পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হলো কাটেখিস্ট ও প্রার্থনা পরিচালকদের প্রশিক্ষণ কোর্স।
চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ধর্মশিক্ষা ও বাইবেল বিষয়ক কমিশনের উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ১১টি ধর্মপল্লী ও ২টি কোয়াজি ধর্মপল্লী থেকে মোট ৪২ জন কাটেখিস্ট ও প্রার্থনা পরিচালকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ধর্মশিক্ষা ও বাইবেল বিষয়ক কমিশনের সমন্বয়কারী ফাদার জয় যোসেফ কুইয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম আর্চডাইয়োসিসের পালকীয় সমন্বয়কারী সিস্টার মমতা পালমা, এলএইচসি।
ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের স্বীকৃতি বিষয়ে ফাদার জয় যোসেফ কুইয়া’র সহভাগিতা, খ্রিস্টমণ্ডলীর সংস্কারসপ্তক (সাতটি সাক্রামেন্ট) বিষয়ে খাগড়াছড়ি ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লেনার্ড রিবেরুর আলোচনা।
এছাড়াও আরো ছিল প্র্যাকটিক্যাল ধর্মশিক্ষার পদ্ধতি বিষয়ে সিস্টার মমতা পালমার সহভাগিতা, ভক্তের জীবনে প্রার্থনার ভূমিকা বিষয়ে ব্রাদার আলবার্ট রত্ন, সিএসসির উপস্থাপনা এবং সিনোডাল পদ্ধতি বাস্তবায়ন বিষয়ে চট্টগ্রাম আর্চডাইয়োসিসের হেড অব প্রোগ্রামস অ্যান্ড ডেভেলপমেন্ট মি. মিকি পল গনসালভেসের আলোচনা।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ধর্মশিক্ষা প্রদান, প্রার্থনা পরিচালনা, সাক্রামেন্ত বিষয়ক জ্ঞান অর্জন এবং সিনোডাল চার্চের চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা লাভ করেন।
সমাপনী অনুষ্ঠানে ব্রাদার আলবার্ট রত্ন, সিএসসি অংশগ্রহণকারীদের নিজ নিজ ধর্মপল্লীতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে খ্রিস্টভক্তদের সেবায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। - ফ্লেভিয়ান ডি কস্তা