বরিশাল ধর্মপ্রদেশে মহোৎসবে অনুষ্ঠিত হলো অরিয়েন্টাল ইনস্টিটিউটের প্লাটিনাম জুবিলী
গত ৩০ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল ধর্মপ্রদেশের অন্তর্গত পবিত্র ক্রুশ অরিয়েন্টাল ইনস্টিটিউট-এ পালিত হলো প্রতিষ্ঠানের প্লাটিনাম জুবিলী (৭৫ বর্ষপূর্তি)।
এই প্লাটিনাম জুবিলীর মূলসুর ছিল “৭৫ বছরের ঐতিহ্যে কৃতজ্ঞ হৃদয়ে বিশ্বাসের সেবা ও সাক্ষ্যদান”। এতে উপস্থিত ছিলেন ভাটিকানের রাষ্ট্রদূত, কার্ডিনাল, বিশপগণ এবং পবিত্র ক্রুশ সংঘের প্রভিন্সিয়াল সহ সংঘের ৪০ জন যাজক।
এ জুবিলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রেন্ডল, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি; বিশপ ইম্মানূয়েল রোজারিও; বিশপ থিউটনিয়াস গমেজ, সিএসসি; পবিত্র ক্রুশ সংঘের প্রভিন্সিয়াল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের ফাদার, ব্রাদার, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ, সেমিনারিয়ান ও নবিস ভাই- বোনেরা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য অতিথিবর্গ।
দুই দিনের অনুষ্ঠানসূচির উল্লেখযোগ্য বিষয় ছিলো জুবিলীর মহাখ্রিস্টযাগ, আরাধনা, প্রাক্তন পরিচালক ও কর্মীদের সম্ভর্ধনা, বক্তব্যপর্ব এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের আগের দিন মহাসমারোহে বরিশাল বিশপ হাউজে অতিথিদের বরণ করা হয়। মূলত সেখান থেকেই শুরু হয় উৎসবের প্রথম ধাপ। প্লাটিনাম জুবিলীর স্মৃতিকে অম্লান রাখার জন্য যীশু হৃদয়ের বিশেষ জুবিলী মনোম্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় জুবিলীর আনুষ্ঠানিকতা।
অতপর বেলুন উড়ানো, জুবিলী স্মৃতি ফলকে স্বাক্ষর করা এবং ফলো গ্যালারীতে স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে বরণ অনুষ্ঠান সমাপন করে অতিথিগণ চলে আসেন মূল মঞ্চে। দ্বিতীয় পর্বে ছিলো মনোগ্রাম উন্মোচন, জুবিলী থিম সং এবং অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান।
প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ জুবিলীর লগো উন্মোচন করার সাথে সাথে শুরু হয় থিম সং-এর সাথে বিশেষ নৃত্য। এরই সাথে অতিথিদের পুষ্পবৃষ্টি বর্ষণ ও বেজ পড়িয়ে বরণ করে নেওয়া হয়।
সন্ধ্যায় সাক্রামেন্তের আরাধনার পর পরই প্রাক্তন পরিচালক ও কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। একই সাথে মণ্ডলীতে অবদানের জন্য বেশ কয়েজন ব্যক্তিকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
জুবিলীর মহাখ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি। তিনি তার উপদেশ বাণীতে অরিয়েন্টালের ঐতিহাসিক পটভূমি এবং এর অগ্রযাত্রা সম্পর্কে বিস্তারিত সহভাগিতা করেন।
খ্রিস্টযাগের পর পরই শুরু হয় অতিথিদের বক্তব্য অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক ফাদার প্লাসিড রোজারিও, সিএসসি, বিশপ ইম্মানূয়েল রোজারিও, বিশপ থিউটনিয়াস গমেজ, সিএসসি এবং প্রধান অতিথি আর্চবিশপ কেভিন রেন্ডল সহ আরও অনেকে।
প্লাটিনাম জুবিলীকে কেন্দ্র করে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও একটি ঐতিহাসিক বই রচনা করেন যা এই অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। এর পরপরই অতিথিদের হাতে জুবিলী ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তব্য পর্বের সমাপন লগ্নে ছিলো জুবিলী স্মরণিকার মোরক উন্মোচন। বিকালের পর্বটি ছিলো মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের বিপূল সমারোহ।
বরিশালের বেশ কয়েকটি নৃত্যকলা একাডেমি এবং স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা হয়।
সন্ধ্যায় ছিলো আকর্ষণীয় ম্যাজিক শো। রাতের অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পিদের পরিবেশনায় কনসার্টের মধ্য দিয়ে সমাপন হয় জুবিলীর মহোৎসব। - ফাদার প্লাসিড রোজারিও, সিএসসি