নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ফুটসাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়েছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ (এনডিইউবি) ইন্টারমিক্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ

গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ (এনডিইউবি) ইন্টারমিক্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ।

রাজধানীর ইউএইচএফসি স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন দলের হয়ে মাঠে নামেন খেলোয়াড়রা। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি।

পরে টুর্নামেন্টের আহ্বায়ক ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাকিমুর রহমান খেলার নিয়ম-কানুন ঘোষণা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও, সিএসসি, ছাত্রবিষয়ক পরিচালক সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি, টুর্নামেন্ট উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, সিনিয়র পাবলিক রিলেশনস অফিসার ও অর্গানাইজিং কমিটির সদস্য ইমাদ উদ্দিন সরদার, মিলন ত্রিপুরাসহ অন্যান্য কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। প্রতিটি দলের স্কোয়াডে ছিল ১০ জন করে খেলোয়াড়। তবে মাঠে খেলেছেন ছয়জন খেলোয়াড়।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ফুটসাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে খেলা পরিচালিত হয়। গ্রুপ ‘এ’-তে ছিল এনডিইউবি টাইটান্স, এনডিইউবি টাইগার্স, এনডিইউবি রয়্যালস, এনডিইউবি এইসেস ও এনডিইউবি ফ্যালকনস।

অন্যদিকে গ্রুপ ‘বি’-তে ছিল এনডিইউবি স্পার্টানস, এনডিইউবি ওলভস, এনডিইউবি থান্ডার্স, এনডিইউবি গ্ল্যাডিয়েটর্স ও এনডিইউবি ড্রাগনস।

চ্যাম্পিয়নশিপে মোট ২৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলে। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল সরাসরি সেমিফাইনালে খেলে। প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল বনাম কোয়ালিফায়ার ১-এর বিজয়ী দল এবং দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দল বনাম কোয়ালিফায়ার ২-এর বিজয়ী দল মুখোমুখি হয়।

পরে সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল ম্যাচে শিরোপার জন্য লড়াই করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। - নটর ডেম বিশ্ববিদ্যালয়

Bengali pop up image